নাটক জমিয়ে জিতল কুমিল্লা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দারুণ এক জয় পেয়ে উল্লাসে কোনো বাঁধ দেননি আবু হায়দার। ছবি: প্রথম আলো
দারুণ এক জয় পেয়ে উল্লাসে কোনো বাঁধ দেননি আবু হায়দার। ছবি: প্রথম আলো

৪ ওভারে ২৬ রান দরকার। এমন ম্যাচকেও কঠিন করে ফেলেছিল কুমিল্লা ওয়ারিয়র্স। টানা দুই ওভারে মাত্র ১ রান করে তুলতেই তিন উইকেট হারিয়ে ফেলেছিল তারা। শেষ ওভারে ১৬ রান দরকার ছিল। তাদের প্রথম ৩ বলে ৪ ও ছক্কায় আবারও ম্যাচের নিয়ন্ত্রণ তাদের হাতে। সে ম্যাচটাই আবার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পরের দুই বলে ২ রানে। শেষ বলে ৩ রান দরকার। স্ট্রাইকে মাত্র নামা মুজীব। ফুল লেংথ বলটা লেগের সীমানা ছাড়া করেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে দিলেন ৩ উইকেটে।

১৬১ রানের লক্ষ্যে নামা কুমিল্লা ডেভিড ম্যালানের সুবাদে অনায়াস জয়ের পথে এগোচ্ছিল। রবিউল ইসলামের হাস্যকরভাবে বোল্ড হওয়া বা সৌম্যের আত্মহত্যাও কুমিল্লার জয়কে কঠিন বানাতে দেয়নি। ঝামেলার শুরু ১৭তম ওভারে। রায়ান বার্লের প্রথম বলেই ফিরেছেন ফর্ম হারিয়ে খোঁজা সাব্বির রহমান। ওই ওভারে এসেছে মাত্র এক রান। ৭ বলে ১ রান করা ডেভিড ভিসে পরের ওভারে রুবেলের বলে আউট হয়েছেন। ২ বল পরেই আউট মাহিদুল ইসলামও। রুবেলের ওভারেও এসেছে মাত্র ১ রান। ২ ওভারে কুমিল্লার দরকার ২৪। মেহেদী হাসানের ওভারে মাত্র ৮ রান তুলতে পেরেছে মালান-আবু হায়দার।

শেষ ওভারে বার্ল বা লিয়াম প্লাংকেটের হাতে বল তুলে দেওয়ার সুযোগ ছিল। তিন ওভারে ৯ রান দেওয়া লেগ স্পিনার বার্ল নয়, ২৯ রান দেওয়া প্লাংকেটের হাতেই বল তুলে দেওয়া হয়েছিল। প্রথম বলে ১ রান নিয়ে প্রান্ত বদল করে ম্যালান। দ্বিতীয় বলে ক্যাচ তুলে দিয়েছিলেন আবু হায়দার। ক্যাচ তো ধরতেই পারেননি উল্টো চার বানিয়ে দিয়েছেন নাসুম। পরের শর্ট বলটা পারলে গ্যালারিতেই উড়িয়ে মারতেন আবু হায়দার। তা না হলেও ৬ পেতে অসুবিধা হয়নি। ৩ বলে ৫ রান দরকার কুমিল্লার।

পরের বলে প্রান্ত বদল আবু হায়দার। পরের বলে দুই রান নিতে গিয়ে আউট ৫১ বলে ৭৪ রান করা ম্যালান। আবার ম্যাচে ফিরে এল চট্টগ্রাম। কিন্তু শেষ বলে মুজীব ঠিকই চার বের করে নিয়েছেন।