নাটক শেষে ফিরে ব্যর্থ মিরাজ, ঝড় ডু প্লেসি-ডেলপোর্টের ব্যাটে

কুমিল্লার হয়ে বড় ইনিংস খেলেন ডু প্লেসিছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দিন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ওপর দিয়ে মেহেদী হাসান মিরাজকে ঘিরে বিতর্কের ঝড় বয়ে গেছে। আজ ঝড় গেল, তবে আজকের ঝড়টা মাঠে। কুমিল্লা ভিক্টোরিয়ানসের দুই ব্যাটসম্যান ফাফ ডু প্লেসি ও ক্যামেরন ডেলপোর্ট আজ সেই চট্টগ্রামকে পেয়েই তেতে উঠলেন।

শুরুতে লিটন দাসের দারুণ ব্যাটিং, এরপর ডু প্লেসি ও ডেলপোর্টের শেষের ব্যাটিং-তাণ্ডব কুমিল্লাকে ৩ উইকেটে ১৮৩ রানে পৌঁছে দেয়। সে রান তাড়া করতে নেমে নাহিদুল-মোস্তাফিজদের বোলিংয়ে মাত্র ১৩১ রানে অলআউট চট্টগ্রাম।

৫২ রানের বিরাট জয়ের দিন ম্যাচসেরা হয়েছেন ৫৫ বলে ৮৩ রানে অপরাজিত থাকা প্রোটিয়া ব্যাটসম্যান ডু প্লেসি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে ডু প্লেসি বলছিলেন, ‘ঢাকায় আমার দুটি ম্যাচ ভালো যায়নি। তবে দলের জন্য অবদান রাখার চেষ্টা ছিল। ভালো লাগছে যে দলের জয়ে অবদান রাখতে পারছি, রান করতে পারছি।’

কুমিল্লা অধিনায়ক ইমরুলও ব্যাটসম্যানদের পারফরম্যান্সে খুশি। ডু প্লেসি, ডেলপোর্ট ও লিটনের কথা উল্লেখ করে তিনি বলেছেন, ‘দলের সবাই ভালো করেছে। বিশেষ করে ফাফ, ক্যাম (ডেলপোর্ট) ও লিটন দারুণ ব্যাটিং করেছে।’

ডু প্লেসি-ডেলপোর্টে শক্তিশালি সংগ্রহ পায় কুমিল্লা
Shamsul Haque Tanku

তবে চট্টগ্রামের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে ১৩১ রানে থামানোর জন্য বড় কৃতিত্বটা বোলারদেরই দিলেন ইমরুল, ‘নাহিদুল ভালো করছে। ওকে যেকোনো পরিস্থিতিতে বল দিলে ও সহজেই মানিয়ে নেয়। আশা করি, সে ধারাবাহিকতা ধরে রাখতে পারবে। আর মোস্তাফিজ তো আগে থেকেই চ্যাম্পিয়ন বোলার।’

রান তাড়ায় ইনিংসের প্রথম ওভারেই আগ্রাসী ব্যাটসম্যান কেনার লুইসের উইকেট নিয়েছেন নাহিদুল। সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজকেও আউট করেন তিনি। ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৭ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন এই অফ স্পিনার। রানরেটের সঙ্গে পাল্লা দিতে বাকি বোলারদের ওপর আগ্রাসন চালাতে হতো চট্টগ্রামের ব্যাটসম্যানদের। কিন্তু সেই চেষ্টায় উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন চট্টগ্রামের ব্যাটসম্যানরা।

মোস্তাফিজ, তানভির ইসলাম ও শহীদুল ইসলাম দুটি করে উইকেট পেয়েছেন। কুমিল্লার বোলিং দাপটদের মধ্যে একাই লড়াই করেছেন উদ্বোধনী ব্যাটসম্যান উইল জ্যাকস। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ৪২ বলে ৬৯ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি।

তবে ম্যাচের গল্পটা পাল্টে গেছে কুমিল্লার ইনিংসের শেষ পাঁচ ওভারে। চট্টগ্রামের আমন্ত্রণে ব্যাট করতে নেমেছিল কুমিল্লা। ছুটি কাটিয়ে বিপিএল খেলতে নামা উদ্বোধনী ব্যাটসম্যান লিটনের দৃষ্টিনন্দন ব্যাটিংয়ে দারুণ এক শুরু পায় তারা। ডু প্লেসির সঙ্গে ৫৫ বলে ৮০ রানের জুটি গড়েন তিনি। ৩৪ বলে ৪৭ রানের ইনিংস খেলে লিটন আউট হলেও তাতে বড় ক্ষতি হয়নি।

চট্টগ্রামের হয়ে ২ উইকেট নেন নাসুম
ছবি: প্রথম আলো

ডেলপোর্ট ও ডু প্লেসি ইনিংসের শেষ ৩ ওভারে ৫২ রান যোগ করে কুমিল্লাকে রানের পাহাড়ে পৌঁছে দেন। শেষ ৫ ওভারে কুমিল্লা নিয়েছে ৭৬ রান! ডু প্লেসি ৫৫ বল খেলে ৮টি চার ও ৩টি ছক্কায় করেছেন অপরাজিত ৮৩ রান। ডেলপোর্ট অপরাজিত ছিলেন ২৩ বলে ৫১ রান করে। ৪টি চার ও ৩টি ছক্কায় সাজানো তাঁর ইনিংস।

তবে ম্যাচের আগে সব আলো তো মিরাজকে ঘিরেই ছিল। চট্টগ্রামের অধিনায়কত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়া, মিরাজের অভিমানে দল ছেড়ে ঢাকায় ফেরার চেষ্টা এবং এরপর আবার অভিমান ভুলে খেলায় ফেরার ঘোষণা...গতকাল নাটকই হয়েছে মিরাজকে ঘিরে। সেই মিরাজ আজ মাঠে ফিরে ব্যাটে-বলে ব্যর্থ। বল হাতে ৩ ওভারে ৩০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন, পরে ব্যাট হাতে পাঁচে নেমে ৯ বলে ১০ রান করে আউট হয়েছেন চট্টগ্রাম দলের অলরাউন্ডার।