
পঞ্চম দিনের শারজায় কোনো নাটকই হলো না! দিনের শুরুতেই উধাও সম্ভাব্য নাটকীয়তার সব উপাদান। শেষ টেস্টটা ১২৭ রানে জিতে তিন ম্যাচের সিরিজটা তাই ২-০-তে জিতে নিল পাকিস্তান।
২৮৪ রানের লক্ষ্যে ছোটা ইংল্যান্ড দিনটা শুরু করেছিল ২ উইকেটে ৪৬ রান নিয়ে। কিন্তু দিনের প্রথম পানিবিরতির আগেই ৬ উইকেট হারিয়ে ফেলে দলটি। এরপর আর কোনো নাটক জমানোর আশা ইংল্যান্ড করে কী করে? উইকেট পতনের মিছিলের সাক্ষী অ্যালিস্টার কুক যা একটু প্রতিরোধের চেষ্টা করেছিলেন এক প্রান্ত আগলে। ইনিংস-সর্বোচ্চ ৬৩ রান করে ‘ক্যাপ্টেন’ কুক আউট হন নবম ব্যাটসম্যান হিসেবে। কুককে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেই টেস্ট ক্যারিয়ারের শেষ উইকেটটি পেয়েছেন শোয়েব মালিক। এর চার বল পর বেন স্টোকসকে স্টাম্পিংয়ের শিকার বানিয়েই পাকিস্তানকে আনন্দে ভাসিয়েছেন ইয়াসির শাহ।
দিনের প্রথম উইকেটটাও পেয়েছেন এই লেগ স্পিনার—দিনের দ্বিতীয় ওভারেই জো রুটকে করেন এলবিডব্লু। পরে আরও ৩ উইকেট নিয়ে সিরিজে নিজের শিকারসংখ্যা নিয়ে গেছেন ১৫-তে। চোটের কারণে প্রথম টেস্টটা খেলতে পারেননি ইয়াসির, তবু তিনিই পেয়েছেন সিরিজ-সেরার স্বীকৃতি।
সিরিজ জিতে পাকিস্তানও উঠে গেছে আইসিসির টেস্ট র্যা ঙ্কিংয়ে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ অবস্থান দুইয়ে। এর আগে ২০০৬ সালের আগস্টে কয়েক দিনের জন্য দ্বিতীয় স্থানে উঠেছিল পাকিস্তানিরা। পাকিস্তানের উত্তরণের উল্টো দিকে অবনমন হয়েছে ইংল্যান্ডের। তৃতীয় স্থান থেকে ছয়ে নেমে গেছে কুকের দল।
ম্যাচ শেষে ইয়াসির শাহের প্রশংসাতেই উচ্চকণ্ঠ ছিলেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক, ‘সিরিজে দলের সবাই অবদান রেখেছে। তবে আলাদা করে বলতে হয় ইয়াসির শাহর কথা। দুই ম্যাচেই অসাধারণ বোলিং করে সে আমাদের জিতিয়েছে।’
এই সিরিজটা শুরুই হয়েছিল মিসবাহর অবসরের জল্পনা গায়ে মেখে। অবসরভাবনা পেয়ে বসেছে পাকিস্তানের ৪১ বছর বয়সী অধিনায়ককে, তবে সিদ্ধান্তটি নিতে চান ভেবেচিন্তেই, ‘যেহেতু আমাদের পরের সিরিজটা সাত মাস পর, তাই (অবসরের) চিন্তা করতেই হয়। খেলা চালিয়ে যাব নাকি যাব না, সেই সিদ্ধান্ত তো নিতেই হবে।’
ইংল্যান্ডের অধিনায়ক কুক আক্ষেপ করছেন চতুর্থ দিনে হারানো সুযোগগুলোর জন্য, ‘তিনটি ম্যাচেই আমরা দারুণ লড়েছি, তবে গুরুত্বপূর্ণ সময়ে পাকিস্তানের ওপর কর্তৃত্ব করতে পারিনি। চতুর্থ দিনে সুযোগগুলো কাজে লাগাতে পারলে ফলটা অন্য রকমও হতে পারত।’
দুই দলের চার ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১১ নভেম্বর। এরপর তিনটি টি-টোয়েন্টিও খেলবে ইংল্যান্ড ও পাকিস্তান। এএফপি, ক্রিকইনফো।
সিরিজের সেরা পাঁচ
ব্যাটসম্যান
ইনিংস রান গড় সেরা ১০০/৫০
অ্যালিস্টার কুক ৫ ৪৫০ ২৬৩ ৯০.০০ ১/২
মোহাম্মদ হাফিজ ৬ ৩৮০ ১৫১ ৬৩.৩৩ ১/২
মিসবাহ-উল-হক ৬ ৩৫২ ১০২ ৫৮.৬৬ ১/৩
আসাদ শফিক ৬ ৩২৬ ১০৭ ৫৪.৩৩ ১/২
ইউনিস খান ৬ ৩০২ ১১৮ ৫০.৩৩ ১/১
বোলার
ওভার রান উইকেট সেরা গড়
ইয়াসির শাহ ১২৪.০ ৩২৩ ১৫ ৪/৪৪ ২১.৫৩
জেমস অ্যান্ডারসন ১০৮.১ ২০৩ ১৩ ৪/১৭ ১৫.৬১
শোয়েব মালিক ৭৭.৫ ২২৮ ১১ ৪/৩৩ ২০.৭২
জুলফিকার বাবর ১৮৯.০ ৪০৯ ৯ ৩/৫৩ ৪৫.৪৪
মঈন আলী ১০৭.২ ৪৩৮ ৯ ৩/১০৮ ৪৮.৬৬