নাটকীয় জয়ে ইংল্যান্ডের সান্ত্বনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিততে হলে শেষ ওভারে ১৬ রান দরকার ভারতের। বেন স্টোকসের প্রথম দুই বলে কেদার যাদবের একটা ছক্কা ও একটা চার। পরের দুই বল ডট। পঞ্চম বলে আবারও ছক্কা মারতে গিয়ে যাদব আউট হয়ে যান ৭৫ বলে ৯০ করে। শেষ বলে দরকার ছিল ৬ রান, ব্যাটেই লাগাতে পারেননি ভুবনেশ্বর কুমার। ইংল্যান্ডের ৩২১ রান তাড়া করতে নেমে ভারত থেমে গেল ৩১৬ রানেই। প্রথম দুই ম্যাচে হেরেই সিরিজ বিসর্জন দেওয়া ইংল্যান্ড পেল ৫ রানের সান্ত্বনার জয়।
স্যাম বিলিংস ও জেসন রয়ের উদ্বোধনী জুটিতে ৯৮ রান ভিত গড়ে দিয়েছিল ইংল্যান্ডের বড় সংগ্রহের। রয় পেয়েছেন টানা তৃতীয় ফিফটি। সেই ভিতে ইমারত গড়ার কাজটা এগিয়ে নিয়ে গেছেন জনি বেয়ারস্টো ও এউইন মরগান। তবে ইংল্যান্ডের রানটা তিন শ পেরিয়েছে আসলে বেন স্টোকস (৩৯ বলে অপরাজিত ৫৭) ও ক্রিস ওকসের (১৯ বলে ৩৪) ঝোড়ো ইনিংসে। প্রথম ১০ ওভারে যে ইংল্যান্ড মাত্র ৪৩ রান তুলেছিল, শেষ ১০ ওভারে তারাই তুলেছে ৯৬ রান।
তাড়া করতে নেমে ৩৭ রানের মধ্যেই দুই ওপেনারকে হারায় ভারত। তৃতীয় উইকেটে অধিনায়ক বিরাট কোহলি আর যুবরাজ সিং ৬৫ রানের জুটি গড়ে ম্যাচে রেখেছিলেন ভারতকে। ৬৩ বলে ৫৫ করে কোহলি আউট হওয়ার পর বেশিক্ষণ টেকেননি যুবরাজও। এরপর ৩২তম ওভারে মহেন্দ্র সিং ধোনিও ফিরে গেলে আবার পথ হারায় ভারত। সেখান থেকে কেদার যাদব ও হার্দিক পান্ডিয়া মিলে ৮৩ বলে ১০৪ রানের জুটি গড়ে জয়ের বেশ কাছে নিয়ে গিয়েছিলেন ভারতকে। এরপরই ওই নাটকীয়তা। ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ৫০ ওভারে ৩২১/৮ (রয় ৬৫, স্টোকস ৫৭*, বেয়ারস্টো ৫৬, মরগান ৪৩; পান্ডিয়া ৩/৪৯, জাদেজা ২/৬২)।
ভারত: ৫০ ওভারে ৩১৬/৯ (কেদার ৯০, পান্ডিয়া ৫৬, কোহলি ৫৫, যুবরাজ ৪৫; স্টোকস ৩/৬৩, বল ২/৫৬, ওকস ২/৭৫)।
ফল: ইংল্যান্ড ৫ রানে জয়ী
সিরিজ: ৩-ম্যাচ সিরিজে ভারত ২-১ এ জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: বেন স্টোকস।
ম্যান অব দ্য সিরিজ: কেদার যাদব।