নাটকীয় 'প্রথম সেঞ্চুরি'র পর কোহলির দুই রূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরির পর কোহলি (বাঁয়ে), হেরে যাওয়ার পর কোহলি (ডানে)। ছবি: এএফপি ও বিসিসিআই
সেঞ্চুরির পর কোহলি (বাঁয়ে), হেরে যাওয়ার পর কোহলি (ডানে)। ছবি: এএফপি ও বিসিসিআই

তিনি পুরোদস্তুর রান মেশিন। খেলাটা যা-ই হোক, যেখানে হোক। তবে এত দিন ধরে টি-টোয়েন্টির সেঞ্চুরিটা অধরাই ছিল। সেটা এল অবশেষে, তবে যেভাবে এল, বিরাট কোহলি তা চাননি। ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরির দিন যে ১৮০ রান করেও জিততে পারেনি তাঁর দল। গুজরাট লায়ন্সের কাছে ৬ উইকেটে হেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কাল রাজকোটে কোহলির দুই রূপের দেখা মিলল। এক কোহলি উচ্ছ্বাসে ফেটে যাওয়া, বুনো উদ্‌যাপনে মতোয়ারা; অন্য কোহলি হতাশায় মুহ্যমান!

কোহলির বুনো উদ্‌যাপনের কারণও আছে। সেঞ্চুরিটাও যে পেলেন নাটকীয়ভাবে। ২০তম ওভারের তৃতীয় বল শেষেও মনে হয়নি সেঞ্চুরি হবে। তখনো যে তাঁর নামের পাশে ৮৬ রান। শেষ তিন বলে ১৪ তুললেই তবে সেঞ্চুরি। নামটা কোহলি বলেই সব মিলিয়ে দিলেন। ছয়-চার-চার! টানা তিন বাউন্ডারিতে পৌঁছে গেলেন ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি শতকে।
সেঞ্চুরি করে তাঁর উদ্‌যাপনটাও হলো দেখার মতো। বোঝাই যাচ্ছিল, খুব করে চাইছিলেন এই সেঞ্চুরি। সেটি আবার এমন নাটকীয়ভাবে পেয়ে যাওয়াতে এমন উদ্‌যাপন। ম্যাচের মাঝ বিরতিতে কোহলি তাঁর প্রতিক্রিয়ায় বলেছিলেন, ‘আমি নিজেও প্রত্যাশা করিনি সেঞ্চুরি পাব।’
সেই সেঞ্চুরির পরও দল প্রায় লড়াই না করেই হেরে গেল বড় পুঁজি নিয়েও। কোহলি বললেন, ‘একদমই ভালো অনুভব করছি না। আজ মোটেও সেঞ্চুরির কথা ভাবিনি। ব্যক্তিগত পারফরম্যান্স ভালো। কিন্তু জয় না পেলে সেটা তো খুব কঠিন হয়ে যায়।’
৫ ম্যাচে তৃতীয় পরাজয়। পয়েন্ট টেবিলেও বেঙ্গালুরু খুব একটা স্বস্তিতে নেই।