নাটকীয়তার পর শ্রীলঙ্কার হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনেক নাটকের পর অবশেষে এল কাঙ্ক্ষিত সেই জয়। শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুস পারলে আকাশেই উড়ে যান! কাল গলে l এএফপি
অনেক নাটকের পর অবশেষে এল কাঙ্ক্ষিত সেই জয়। শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুস পারলে আকাশেই উড়ে যান! কাল গলে l এএফপি

গলের আকাশে মেঘের ঘনঘটা, যেকোনো সময় বৃষ্টি আসতে পারে। মাঠ অন্ধকার হয়ে আসছে, আম্পায়াররা যেকোনো সময় খেলা বন্ধ করতে পারেন। কত বাধা! জিততে হলে করতে হবে ৯৯ রান, কিন্তু হাতে ওভার মাত্র ২১টি। টেস্টটা তাই টেস্টের মতো করে খেললে হবে না, খেলতে হবে ওয়ানডে কিংবা টি-টোয়েন্টির মতো। কী যে তাড়াহুড়ো!

সব বাধাই জয় করল শ্রীলঙ্কা। না, ২১ ওভার লাগেনি। ১৬.২ ওভারে ৩ উইকেটে লক্ষ্যে পৌঁছে গেল অ্যাঞ্জেলো ম্যাথুসের দল। আর কী অদ্ভুত, ম্যাথুস জয়সূচক শেষ রানটি নেওয়ার পরপরই গলে নেমে এল ঝুম বৃষ্টি। দুর্দান্ত এক জয়ে একই সঙ্গে প্রায় মাস আটেক আগের একটা হারের প্রতিশোধও নিল শ্রীলঙ্কা। গত জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে শারজায় শেষ টেস্টটি আলোকস্বল্পতার মধ্যেও ৫ উইকেটে জিতে সিরিজ বাঁচিয়েছিল পাকিস্তান। এবার পাকিস্তানের বিপক্ষে অন্ধকারে ৭ উইকেটের আলোকিত জয়ে শেষ হাসিটা হাসল শ্রীলঙ্কা।

অথচ আগের চার দিন কী ম্যাড়মেড়ে মনে হচ্ছিল এই ম্যাচটাকেই। কুমার সাঙ্গাকারা রেকর্ডের পসরা সাজিয়ে গেছেন, কিন্তু ওইটুকু বাদ দিলে ক্রিকেট-রোমাঞ্চপ্রেমীদের জন্য আর কী আছে! দুই দলের প্রথম ইনিংস শেষ করতে লেগে গেল প্রায় চার দিন। ‘ঘুমপাড়ানি’ গান গেয়ে যাওয়া সেই টেস্টটাই যেন সব উত্তেজনা আর রোমাঞ্চের পসরা সাজিয়ে বসল শেষ দিনে। খেলোয়াড়-দর্শক সবার স্নায়ুর ওপর দিয়ে রীতিমতো ঝড় বয়ে গেল। এ কারণেই কিনা জয়সূচক রানটা নিয়ে বিশ্বজয়ের আনন্দে ফেটে পড়লেন শ্রীলঙ্কান অধিনায়ক ম্যাথুস! উল্লাসে ফেটে পড়লেন ড্রেসিংরুমে বসা মাহেলা জয়াবর্ধনেও, গলে এটাই তো তাঁর শেষ টেস্ট।

একদিকে আলোকস্বল্পতা, অন্যদিকে মেঘলা আকাশ—৯৯ রানের লক্ষ্যে খেলতে নেমে লঙ্কান ব্যাটসম্যানরা শুরু থেকেই তাই চালিয়েছেন ওয়ানডে স্টাইলে। সর্বোচ্চ ২৬ এসেছে জয়াবর্ধনের ব্যাট থেকে। শেষ দিকে ব্যাট করতে নেমে ১৩ বলে দুই ছক্কা আর দুই চারে ২৫ রানের  ঝোড়ো ইনিংস খেলেছেন লঙ্কান অধিনায়ক নিজে। 

এর আগে ১ উইকেটে ৪ রান নিয়ে খেলতে নেমে রঙ্গনা হেরাথের ঘূর্ণিজাদুতে মাত্র ১৮০ রানে গুটিয়ে যায় পাকিস্তান। হেরাথ একাই নিয়েছেন ৬ উইকেট। ম্যাচ-সেরাও তিনি। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৫২ এসেছে আট নম্বরে নামা উইকেটকিপার সরফরাজ আহমেদের ব্যাট থেকে। কিন্তু তাঁর নিঃসঙ্গ লড়াই শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে গেছে সঙ্গী হিসেবে আর কাউকে না পাওয়ায়। পাকিস্তানি ব্যাটসম্যানরা এতটাই হতাশ করেছেন যে ম্যাচের শেষদিকে ধারাভাষ্যকার রমিজ রাজা পর্যন্ত বলেছেন, ‘বৃষ্টি কিংবা অন্ধকারে খেলা বন্ধ হয়ে গেলে বড় অন্যায় হবে। এ টেস্টে শ্রীলঙ্কার জয় পাওনা হয়ে গেছে।’ 

শেষ পর্যন্ত জয়াবর্ধনের জন্য জিততে মরিয়া শ্রীলঙ্কাই সফল। ম্যাচ শেষে গল স্টেডিয়াম কর্তৃপক্ষের হাত থেকে বিশেষ সম্মাননা স্মারক পাওয়া জয়াবর্ধনে স্বভাবতই  আপ্লুত ছিলেন, ‘এ মাঠ আমার জন্য সব সময়ই বিশেষ কিছু। আর আজ জয়টাও এসেছে দারুণভাবে। আশা করছি পরের ম্যাচটাও জিততে পারব।’ টেনক্রিকেট ও ক্রিকইনফো।