নাটকের অপেক্ষায় শেষ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দলের প্রথম ইনিংস শেষ হতে হতেই শেষ সাড়ে তিন দিন। দুবাই টেস্টটা কি তাহলে ড্র-ই হচ্ছে? কাল টেস্টের চতুর্থ দিনের চা-বিরতির সময়েও এই প্রশ্নটাই মাথায় ঘুরপাক খেয়েছে। তবে ম্যাড়মেড়ে ড্র নয়, দুবাই টেস্টটা ইঙ্গিত দিচ্ছে জমজমাট সমাপ্তির। চতুর্থ দিনের শেষ বিকেলের নাটকই জমিয়ে দিয়েছে টেস্টটাকে। প্রথম তিন দিন পাকিস্তানকে চাপে রাখা নিউজিল্যান্ড শেষ দিনটা শুরু করবে একটু হলেও চাপ নিয়ে। ১৭৭ রানের লিড নেওয়া হয়ে গেছে, কিন্তু হাতে যে তাদের মাত্র ৪টি উইকেট। অসাধারণ ব্যাটিং করে এখনো অপরাজিত টেলর লেজের ব্যাটসম্যানদের নিয়ে কত দূর যেতে পারেন, দেখার বিষয় সেটাই। পাকিস্তানের দুই স্পিনার জুলফিকার বাবর ও ইয়াসির শাহ মিলেই ৬ উইকেট নিয়েছেন নিউজিল্যান্ডের।
৯৩ বলে ৭৭ রান করা টেলর অনুপ্রাণিত হতে পারেন প্রতিপক্ষ ব্যাটসম্যান সরফরাজ আহমেদের কাছ থেকে। ৬ উইকেটে ২৮১ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তান ৩১২ রানেই হারিয়ে ফেলে নবম উইকেট। এরপর ১১ নম্বর ব্যাটসম্যান রাহাত আলীকে নিয়েই সরফরাজের পাল্টা-আক্রমণ। রেকর্ড ৮১ রানের জুটিতে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের চেয়ে মাত্র ১০ রান দূরে থেকে শেষ পাকিস্তানের ইনিংস। এর আগে সেই ১৯৬৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের শেষ জুটিতে সর্বোচ্চ ৬৫ রান করেছিলেন সালাউদ্দিন আহমেদ ও মোহাম্মদ ফারুক জুটি।
দুবাইয়ে খেলা সর্বশেষ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি পাওয়া সরফরাজ ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পেলেন সেই দুবাইয়েই ঠিক পরের টেস্টে। দুই সেঞ্চুরির মাঝের তিন ইনিংসেই অপরাজিত ছিলেন ২৭ বছর বয়সী এই ব্যাটসম্যান। এএফপি, ক্রিকইনফো।