নাটোরের গর্ব তাইজুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় ইনিংসে তাইজুল ইসলাম মাত্র ৩৯ রানে রেকর্ড ৮ উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছেন জিম্বাবুয়েকে। পরে দলের শ্বাসরুদ্ধকর কঠিন পরিস্থিতিতে ১৫টি রান করেছেন, হাঁকিয়েছেন জয়সূচক বাউন্ডারিটি। ঢাকা টেস্টের জয়ের এই নায়ককে নিয়ে নাটোরবাসীর এখন গর্বের শেষ নেই। তাইজুল যে নাটোরেরই সন্তান।
তাঁর ব্যাটেই জয় দেখেছে বাংলাদেশ—পরশু এই খবরটি নাটোরে ছড়িয়ে পড়লে তাঁর বাবা-মা, আত্মীয়স্বজনসহ বন্ধু-বান্ধব পরস্পরকে মিষ্টি খাইয়ে আনন্দ উদ্যাপন করেছেন। সাধারণ মানুষের মধ্যেও পড়ে যায় মিষ্টিমুখ করার ধুম।
গতকাল দুপুরে নাটোর সদরের কাঁঠালবাড়িয়া এলাকায় গিয়ে কথা হয় তাঁর বাবা ইসকেন্দার শেখের সঙ্গে। তিনি আনন্দে উদ্বেলিত, ‘সারা দিনই খেলা দেখেছি। তবে ছেলের বোলিংয়ের সময় এক আত্মীয়ের জানাজায় যাওয়ায় শেষ মুহূর্তের খেলা দেখতে পারিনি। তরে ওর ব্যাটিং দেখে পরিবারের সবার সঙ্গে আমি দারুণ খুশি হয়েছি।’ তাইজুল ম্যান অব দ্য ম্যাচ হওয়ায় তাঁর আনন্দ যেন হয়েছে বাঁধভাঙা। তবে অসাধারণ এই আনন্দের মুহূর্তেও ইসকেন্দার শেখের একটা দুঃখ আছে, ‘আমি ওর বাবা। কিন্তু ক্রিকেটার হিসেবে ওর জন্ম নাটোর জেলা ক্রীড়া সংস্থার কোচ আবদুল্লাহ আল আশরাফি মঞ্জুর হাতে। তিনি বেঁচে নেই। বেঁচে থাকলে হয়তো আমার চেয়েও তিনি বেশি খুশি হতেন।’ ইসকেন্দার শেখের আশা, সবার দোয়ায় একদিন তাইজুল বিশ্ব ক্রিকেটে বাংলাদেশকে আরও ওপরে নিয়ে যাবেন।
তাইজুলের মা তসলিমা বেগম ক্রিকেট খেলা ততটা বোঝেন না, তবে এটা বুঝতে পারছেন, ছেলে দারুণ ভালো খেলেছেন এবং সে জন্যই জিতেছে বাংলাদেশ। গর্বিত মা ছেলের জন্য দোয়া চেয়েছেন সবার কাছে। তাইজুলের দাদা জিল্লুর রহমানও তাঁর নাতির অসামান্য সাফল্যে গর্বিত, তাইজুলের জন্য তিনিও দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে।
তাইজুলের স্কুলের শিক্ষক আবদুল হাকিম তাঁর এই সাফল্যে ফিরে গেলেন স্মৃতির ভেলায়, ‘তাইজুলের বয়স যখন ১২ বছর, তখন (২০০৩-০৪) সে নাটোর জেলা ক্রীড়া সংস্থার অনূর্ধ্ব-১৩ দলের হয়ে খেলা শুরু করে। পরে আর ওকে পেছনে তাকাতে হয়নি।’
তাইজুলের সাফল্যের খবরে সাংবাদিক, ক্রীড়ামোদী এবং সাধারণ মানুষ তাঁদের বাড়িতে গিয়ে বাবা ইসকেন্দার শেখকে অভিনন্দন জানিয়েছেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাটোর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মশিউর রহমান, সংস্থার সহসভাপতি পুলিশ সুপার বাসুদেব বণিক ও সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী নাটোরের তরুণ এই ক্রিকেটারের সাফল্যে উচ্ছ্বসিত, ‘তাইজুল এখন আর নাটোরের নয়, গোটা জাতির গর্ব।’ মোস্তাক আলী তাইজুলের সাফল্যের আনন্দে সারা রাত নাকি ঘুমোতেই পারেননি। ছটফট করেছেন উত্তেজনায়!