নাদির শাহর ভুতুড়ে ফেরা
নিষিদ্ধ এক আম্পায়ার ম্যাচ পরিচালনা করলেন বিসিবি অনুমোদিত টুর্নামেন্টে। অথচ বিসিবিপ্রধান জানলেন পত্রিকা পড়ে! নিষিদ্ধ আম্পায়ার নাদির শাহ কীভাবে আম্পায়ারিং করতে পারলেন, সেটা নিয়ে ধোঁয়াশা যাচ্ছে না। পাওয়া যাচ্ছে পরস্পরবিরোধী বক্তব্য।
ইন্ডিয়া টিভির ‘স্টিং অপারেশনে’ ম্যাচ পাতানোর সম্মতির কথা জানিয়ে গত বছরের মার্চে ১০ বছর নিষিদ্ধ হন নাদির শাহ। নিষিদ্ধ হওয়ার পর বেশির ভাগ সময় যুক্তরাষ্ট্রে ছিলেন ৪৩টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করা এই আম্পায়ার। কিছুদিন আগে দেশে ফেরার পর গত রোববার ঢাকা প্রথম বিভাগ টি-টোয়েন্টি লিগের একটি সেমিফাইনাল ম্যাচ পরিচালনা করেন। পরে বিসিবির আম্পায়ার্স কমিটির সদস্যসচিব সয়লাব হোসেন ক্রিকইনফোকে বলেছেন, ‘আইসিসির কোনো নিষেধাজ্ঞা ছিল না তাঁর ওপর। বিসিবি তাঁকে নিষিদ্ধ করেছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বোর্ডসভায় (মে মাসে) নিষেধাজ্ঞা তুলেও নিয়েছে।’
অথচ কাল বিসিবি সভায় এটা নিয়ে প্রশ্ন করা হলে উল্টো কথা বললেন বোর্ড সভাপতি নাজমুল হাসান, ‘নাদির শাহর বিষয়টি আমি পত্রিকাতে পড়েছি। বোর্ড তাঁর বিরুদ্ধে যে সিদ্ধান্ত নিয়েছে, তা এখনো বহাল আছে। ১০ বছরের জন্য সে নিষিদ্ধ। শাস্তি কমাতে সে আপিল করেছিল কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। কিন্তু কোথাও হয়তো যোগাযোগের ভুল হয়েছে, যে কারণে সে আম্পায়ারিং করেছে। এটা বোর্ড করেনি।’
এত বড় একটা ভুল অথচ জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রশ্নে বোর্ডপ্রধান বললেন, ‘এটা অভ্যন্তরীণ ব্যাপার!’