নাফীসের আক্ষেপ দূর করা সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিসিএসের বিপক্ষে নাফীস খেললেন ১৩৪ রানের ইনিংস। ছবি: শামসুল হক।
সিসিএসের বিপক্ষে নাফীস খেললেন ১৩৪ রানের ইনিংস। ছবি: শামসুল হক।

বড় একটা ইনিংস তিনি আগের ম্যাচেই খেলেছেন। প্রাইম ব্যাংকের বিপক্ষে তাঁর ৮৪ রানের ইনিংসটি তিন অঙ্কে না পৌঁছতে পারার আক্ষেপে মোড়া। তবে আজ ক্রিকেট কোচিং স্কুলের বিপক্ষে সেই আক্ষেপ দূর হয়ে গেল শাহরিয়ার নাফীসের। ১৩৪ রানের দারুণ এক ইনিংস নিজেকে আবার চেনালেন তিনি। নাফীসের সেঞ্চুরিতে ভর করে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ক্রিকেট কোচিং স্কুলের বিপক্ষে ৬ উইকেটে ২৫৩ রান তুলেছে ব্রাদার্স ইউনিয়ন।

লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি শাহরিয়ার নাফীসের ষষ্ঠ সেঞ্চুরি। এর আগে ১৩১টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে ২৮.৯৫ গড়ে তাঁর সংগ্রহ ছিল ৩ হাজার ৫৬১ রান। ২০টি ফিফটিও আছে তাঁর লিস্ট ‘এ’-তে।
১৩৪ রানের ইনিংসে নাফীস খেলেছেন ১৪৭ বল। মেরেছেন ১৪টি চার ও ৫টি ছয়। প্রথম ফিফটি করেন ৬৭ বলে। দ্বিতীয় ফিফটিটি আসে ৬৫ বলে।
২০১১ সালের পর জাতীয় দলের হয়ে আর ওয়ানডে খেলেননি নাফীস। ওই বছরেরই ১৩ এপ্রিল অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকায় ৬০ রানের ইনিংসটিই জাতীয় দলের হয়ে তাঁর সর্বশেষ ৫০ ছাড়ানো স্কোর। মাঝখানে টেস্ট দলে থাকলেও ব্যাট হাতে খুব বেশি কিছু করতে পারেননি।
সিসিএসের বিপক্ষে আজকের সেঞ্চুরিটি কি নাফীসকে নতুন করে আত্মবিশ্বাসী করে তুলবে?