নাভিন পুরস্কার উৎসর্গ করলেন ‘সর্বকালের সেরা আফগান অধিনায়ক’কে

নামিবিয়ার তা-ও যদি কিছুটা লড়াই করার স্বপ্ন থেকে থাকে, সেটি ধূলিসাৎ করে দিলেন নাভিন। ৪ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন ডানহাতি এই মিডিয়াম পেসার। নিজের প্রথম দুই ওভারে নামিবিয়ার দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে ফিরিয়েছেন, পরে ফিরিয়েছেন ইয়ান ফ্রাইলিঙ্ককেও।

উইকেটের উচ্ছ্বাস নাভিনের (বাঁ থেকে চতুর্থ)ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো দল জিতবে, কোনো দল হারবে। কেউ ব্যাটে কিংবা বলে কিংবা দুটিতেই আলো ছড়িয়ে ম্যাচের সেরা হবেন। কিন্তু সেসব ছাপিয়েও টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ নামিবিয়া-আফগানিস্তান ম্যাচটা এক আফগানের জন্যই বিশেষ মনোযোগ পাচ্ছিল—আসগর আফগান।

এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ টেনে দিয়েছেন আফগানিস্তানের সাবেক অধিনায়ক। ম্যাচে তাই সব ছাপিয়ে তাঁর বিদায়ই ছিল সবকিছুর কেন্দ্রে। এই যে ম্যাচসেরার পুরস্কার পাওয়া নাভিন-উল-হকও যেমন পুরস্কারটা উৎসর্গ করলেন আসগরকেই!

আসগর আফগানকে সম্মানে-জয়ে বিদায় জানাল আফগানিস্তান
ছবি: এএফপি

প্রতিপক্ষ নামিবিয়া, যারা কিনা প্রথম রাউন্ডে আয়ারল্যান্ড-নেদারল্যান্ডসকে বিদায় করে দিয়ে সুপার টুয়েলভে এসেছে। তাদের একেবারে হালকাভাবে নেওয়ার সুযোগ ছিল না আফগানিস্তানের। কিন্তু আগে ব্যাট করে আফগানিস্তান ১৬০ রান করার পরই অনেকটা নিশ্চিত হয়ে যায়, আফগানিস্তানের বোলিং সামলে এই রান তাড়া করা নামিবিয়ার পক্ষে সম্ভব হবে না, তা যতই নামিবিয়া দলে ডেভিড ভিসা থাকুন না কেন!

নামিবিয়ার তা-ও যদি কিছুটা লড়াই করার স্বপ্ন থেকে থাকে, সেটি ধূলিসাৎ করে দিলেন নাভিন। ৪ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন ডানহাতি এই মিডিয়াম পেসার। নিজের প্রথম দুই ওভারে নামিবিয়ার দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে ফিরিয়েছেন, পরে ফিরিয়েছেন ইয়ান ফ্রাইলিঙ্ককেও।

৩ উইকেট আফগানিস্তানের আরেক পেসার হামিদ হাসানও পেয়েছেন, তাঁর ৩ উইকেট এসেছে ৪ ওভারে মাত্র ৯ রান খরচ করে। নামিবিয়ার ভিসা ও অধিনায়ক এরাসমাসসহ মিডল অর্ডারের তিনজনকেই ফিরিয়েছেন হাসিব, কিন্তু বিচারকদের রায়ে ম্যাচসেরা নাভিনই!

তাঁর চোখে ‘আফগানিস্তানের সর্বকালের সেরা অধিনায়ক’ আসগর আফগানকেই পুরস্কারটা উৎসর্গ করেছেন নাভিন, ‘তাঁর অধিনায়কত্বেই আমার অভিষেক, তাই তাঁকেই পুরস্কারটা উৎসর্গ করতে চাই।’

আসগর আফগান শুধু জবাবে বললেন, ‘নাভিন আজ ওর প্রতিভার জোর দেখিয়েছে।’

এরপর নিজের বোলিং নিয়ে কথা বলতে গিয়েও আবার আসগর আফগানকে প্রশংসায় ভাসিয়েছেন নাভিন, ‘প্রথম ইনিংসের সময় খুব ভালোভাবে সবকিছু দেখছিলাম, নতুন বলে কীভাবে বোলিং করতে হবে ভাবছিলাম। আফগানিস্তানের সমর্থকদের সামনে বোলিং করতে পারা অনেক বিশেষ কিছু। আমার চোখে আসগর আফগান আফগানিস্তানের সর্বকালের সেরা অধিনায়ক। তাঁকে অনেক মিস করব আমরা।’