নামটা কোহলি বলেই এত কথা হচ্ছে

শতকের দেখা পাচ্ছেন না কোহলিফাইল ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরাট কোহলি নিজেকে যে উচ্চতায় নিয়ে গেছেন, সে তুলনায় সাম্প্রতিক সময়ে তাঁর শতকের দেখা না পাওয়ার ব্যর্থতা চোখে পড়ছে অনেকের।

সেই যে ২০১৯ সালের নভেম্বরে কলকাতার ইডেন গার্ডেনসে বাংলাদেশের বিপক্ষে ১৩৬ রানের ইনিংস খেললেন, এরপর আন্তর্জাতিক ক্রিকেটে ৭১ ইনিংস ব্যাট করেও শতকের দেখা পাননি কোহলি।

অনেক সময় দুর্দান্ত শুরুর পরও শতক পাননি। এর মধ্যে ২২ বার পঞ্চাশ পেরোলেও ৭১তম শতরানের ইনিংসটা অধরাই থেকে গেছে কোহলির।

তবে টি-টোয়েন্টিতে কোহলির পারফরম্যান্স দেখলে তাঁকে দোষ দেওয়া যায় না। ১৪৫.১১ স্ট্রাইক রেট আর ৫৬.৪০ গড়ে এই সংস্করণে ৮৪৬ রান তুলেছেন তিনি। বলা যেতে পারে, সংস্করণটা সংক্ষিপ্ত দেখেই এখানে শতকের দেখা পাচ্ছেন না কোহলি।

গত বছরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে আহমেদাবাদে ৭৩, ৭৭ আর ৮০ রানে অপরাজিত ছিলেন তিনি। ওয়ানডে ফর্মও দুর্দান্ত, শেষ ১৯ ইনিংসে দশবার পঞ্চাশ পার করেছেন, এর মধ্যে চারটা টানা চার ম্যাচে এসেছে। কোহলির জায়গায় অন্য কোনো ব্যাটসম্যান থাকলে এই পারফরম্যান্স দেখানোর পর তাঁকে নিয়ে কি এত সমালোচনা হতো?

বাংলাদেশের বিপক্ষে সবশেষ শতক পেয়েছেন কোহলি
ফাইল ছবি: এএফপি

তবে শেষ শতক পাওয়ার পর টেস্ট ও ওয়ানডেতে খেলা ৪৯ ইনিংসের প্রত্যেকটাতে আউট হয়েছেন কোহলি। টি-টোয়েন্টির মতো টেস্ট ও ওয়ানডেতে সময়ের অভাবে শতক পাননি, এটা বলা যায় না। শতকের অপেক্ষা আরও দীর্ঘ বলে মনে হয়, যখন বিবেচনায় আসে তাঁর ব্যাটিং পজিশন।

প্রত্যেক ফরম্যাটেই প্রথম চারজনের মধ্যে ব্যাট করেন। টেস্ট আর ওয়ানডেতে (এখনো টি-টোয়েন্টিতে শতক হাঁকাতে পারেননি কোহলি) পঞ্চাশ রানের ইনিংসগুলোকে শতরানে পরিণত করার হার কোহলির এতই ভালো যে তাঁর এই শতকহীনতা অনেক বাজেভাবে চোখে লাগছে।

টেস্ট ও ওয়ানডেতে শতক হাঁকানোর আগে টানা ৯৪ ম্যাচে আউট হয়েছিলেন কাইরন পাওয়েল। পাওয়েল ছাড়াও আরও ২১ জন আছেন, যাঁরা টেস্ট ও ওয়ানডেতে কোহলির চেয়েও বেশি ইনিংস টানা খেলে শতকের দেখা পাননি, আউট হয়ে গেছেন প্রত্যেকবার।

তবে, এই ২২ জনের মধ্যে শতকহীন সময়ে কারোর গড়ই কোহলির সমান ছিল না। শতক না পেলেও এ সময়ে কোহলি ৩২.৫৭ গড়ে ব্যাট করেছেন। কাছাকাছি আছেন শুধু সাবেক ইংলিশ উইকেটকিপার-ব্যাটসম্যান অ্যালেক স্টুয়ার্ট; যিনি টানা ৪৯ ম্যাচে শতক না পেয়ে আউট হওয়ার আগে ২৭.৪৯ গড়ে রান তুলেছেন।

কোহলির শতক–খরা নিয়ে ভালোই আলোচনা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে
ছবি: এএফপি

কোহলির এই শতক-খরা নিয়ে এত মাতামাতি হওয়ার কারণ সম্ভবত এই যে তাঁর মানের একজন ব্যাটসম্যানের জন্য ব্যাপারটা সাধারণ কিছু নয়। ওপরে যে ২২ ব্যাটসম্যানের কথা বলা হলো, সব সংস্করণ মিলিয়ে তাঁদের কারও সম্মিলিত গড়ই ৪০ নয়। টেস্ট ও ওয়ানডে মিলিয়ে কোহলির মতো এত বেশি পঞ্চাশোর্ধ্ব ইনিংসও কারও নেই। এই দুই ফরম্যাটে ৫৪.৭৭ গড়ে ২০ হাজারেরও বেশি রান করেছেন কোহলি।

ওপরের ২২ ব্যাটসম্যানের মধ্যে এই রেকর্ডে কোহলির কাছাকাছি আছেন সাবেক ইংলিশ ব্যাটসম্যান অ্যান্ড্রু স্ট্রাউস, টেস্ট ও ওয়ানডে মিলিয়ে যিনি ৩৮.৭৭ গড়ে ১১ হাজার ২৪৪ রান তুলেছেন, গড়ের হিসাবে কোহলির চেয়ে ইনিংসপ্রতি প্রায় ১৬ রান কম।

যেখানে এই দুই ফরম্যাটে কোহলির সম্মিলিত শতকসংখ্যা ৭০, স্ট্রাউসের ২৭।
তবে ব্যাটসম্যান আউট হয়েছেন কি না, সে ব্যাপারটা যদি বিবেচনায় না নেওয়া হয়, তাহলে টেস্ট ও ওয়ানডেতে শতক না হাঁকিয়ে কোহলির চেয়েও বেশি টানা ইনিংস খেলেছেন—এমন আরও ৩২টা ঘটনা আছে।

এমনকি এই তালিকাতেও, নট আউট থাকার সুবিধা বাদ দিলে গড়ের হিসেবে কোহলি পাঁচ নম্বরে আছেন। সাবেক ক্যারিবীয় ব্যাটসম্যান ডেসমন্ড হেইন্স টানা ৭০ ইনিংস শতকহীন ছিলেন—১৯৯১ সালের মার্চ থেকে ১৯৯৩ সালের এপ্রিল পর্যন্ত। এ সময়ে তাঁর গড় ছিল ৩৫.৭৭। ব্যাটিং অর্ডারে এক থেকে পাঁচ নম্বর পজিশনে ব্যাট করে টানা ইনিংস শতকহীন থাকার রেকর্ডটা নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিংয়ের।

১৯৯৮ সালের জুন থেকে ২০০১ সালের নভেম্বর পর্যন্ত টানা ১০৮ ইনিংস ব্যাট করে শতকহীন থেকেছিলেন এই বাঁহাতি, এ সময়ে ২৫ বার পঞ্চাশ পেরিয়েছেন যদিও। ফ্লেমিংয়ের শতক-খরা কাটে ২০০১-০২ মৌসুমের পার্থ টেস্টে।

শতক-খরার দিক দিয়ে কোহলির এই উদাহরণই সবচেয়ে বাজে নয়। কিন্তু ওই যে পঞ্চাশ রানের ইনিংসগুলোকে শতরানে রূপান্তর করার দিক দিয়ে কোহলির চেয়ে সফল ব্যাটসম্যান এর আগে যে বিশ্ব কখনো দেখেনি!

ভেবে দেখুন, সব ফরম্যাট মিলিয়ে টানা ৭১ ইনিংসে শতক পাননি কোহলি। এ সময়ের সঙ্গে তুলনা করা যাক শতকের দিক দিয়ে কোহলির সবচেয়ে সফল ৭১ ইনিংসের সময়কে। যে সময়ে তিনি ১৯ বার শতরান পেরিয়েছিলেন। এবার ডন ব্র্যাডম্যান আর শচীন টেন্ডুলকারের সঙ্গে কোহলির তুলনা করা যাক।

শতক–খরা কত দ্রুত কাটাতে পারবেন কোহলি?
ছবি : এএফপি

দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ও পরে ৭১ টেস্ট ইনিংসে ২৮ বার শতরান পেরিয়েছিলেন স্যার ডন। ওদিকে টেস্ট ও ওয়ানডেতে নিজের সবচেয়ে সফল ৭১ ইনিংসের সময়কালে (১৯৯৮ সালের মার্চ থেকে ১৯৯৯ সালের নভেম্বর) শচীন টেন্ডুলকার শতক পেয়েছিলেন ১৯টি। দুজনই এই তালিকায় কোহলির ওপরে আছেন।

কোহলি-ভক্তরাও এই মানদণ্ডের সঙ্গেই অভ্যস্ত, এ জন্যই তাঁর শতক-খরা নিয়ে এত বেশি কথা হচ্ছে!