নামিবিয়া বুঝল আফগানিস্তানের শক্তি

আফগানিস্তান দাঁড়াতেই দেয়নি নামিবিয়াকেছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসগর আফগান যখন ২৩ বলে ৩১ রান করে আউট হলেন। তখন যেন একটা অধ্যায়েরই পরিসমাপ্তি ঘটল আফগানিস্তান ক্রিকেটে। আইসিসির সহযোগী সদস্য হিসেবে আফগান ক্রিকেটের যে উত্থান, তার সঙ্গে যে ওতপ্রোতভাবেই জড়িয়ে আসগর আফগানের নাম। বিদায় বেলায় তিনি পেলেন গার্ড অব অনার। তবে আফগান ক্রিকেটের এমন একজন প্রতিনিধির বিদায়ের দিনটা আফগানিস্তান রাঙিয়েছে জয় দিয়েই। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের গ্রুপ-২-তে নামিবিয়াকে ৬২ রানে হারিয়ে দ্বিতীয় জয় তুলে নিয়েছে আফগানিস্তান।

বিদায়ী ম্যাচেও আফগানিস্তান ব্যাটিংয়ের অন্যতম সেরা এই আসগর আফগান। তাঁর ২৩ বলে ৩১ রানের ইনিংসটির বড় অবদান ছিল প্রথমে ব্যাটিং করে আফগানিস্তানের তোলা ৫ উইকেটে ১৬০ রানের স্কোরে। তবে সর্বোচ্চ সংগ্রহটা ওপেনার মোহাম্মদ শাহজাদের। ৩৩ বলে ৩ বাউন্ডারি ও ২ ছক্কায় ৪৫ রান তাঁর। শেষের দিকে আফগান ক্রিকেটে আসগরের আরেক পুরোনো সারথি অধিনায়ক মোহাম্মদ নবীর ১৭ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস, আফগানিস্তান কঠিন চ্যালেঞ্জই ছুড়েছিল নামিবিয়ার দিকে।

বিদায়ী ম্যাচে গার্ড অব অনার পেলেন আসগর আফগান
ছবি: এএফপি

নামিবিয়ান বোলারদের মধ্যে রুবেন ট্রাম্পেলমেন ৪ ওভারে ৩৪ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। দুটি উইকেট নিয়েছেন লফটি ইটনও। এ ছাড়াও স্মিট নিয়েছেন এক উইকেট।

নামিবিয়ার ব্যাটিং নিয়ে আশাবাদী হওয়ার কারণ ছিল। আগের ম্যাচগুলোতে তাদের ব্যাটসম্যানরা প্রতিপক্ষের মাথাব্যথার কারণ হয়েছিলেন। কিন্তু আজ আফগান বোলারদের সামনে কিছুই করতে পারেননি তাঁরা। দাঁড়াতে পারেননি কেউই। ডেভিড ভিসা সংগ্রাম করেছিলেন। কিন্তু তাঁর ইনিংসটি মোটেও যথেষ্ট ছিল না। টি-টোয়েন্টি মেজাজেই খেলতে পারেননি তিনি। মাইকেল ফন লিনগেন ৮ বলে ১১ রান করে ফেরেন, আশা দেখিয়েছিলেন তিনিই। কিন্তু নাভিন-উল-হকের বলে হামিদ হাসানের ক্যাচ হন তিনি। ইয়ান নিকল লফটি লিটন ১৬ বল ১৪, গেরহার্ড এরাসমাস ১৪ বলে ১২ রান করে পরাজয়ের ব্যবধান কমাতেই ভূমিকা রেখেছেন কেবল। ভিসার ইনিংসটি ছিল ৩০ বলে ২৬ রানের—১৬০ রান অনেক দূরেরই মনে হয়েছে নামিবিয়ান ব্যাটসম্যানদের কাছে। শেষ পর্যন্ত নামিবিয়া ২০ ওভারে ৯ উইকেটে ৯৮ রান করে থেমেছে।

হামিদ হাসান আজ আতঙ্ক হয়ে উঠেছিলেন নামিবিয়ান ব্যাটসম্যানদের জন্য। তিনি ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেটে। নাভিন-উল-হকও নিয়েছেন ৩ উইকেট। ৪ ওভারে তাঁর খরচ ২৬ রান। গুলবাদিন নাইব ১৯ রানে নিয়েছেন ২ উইকেট। রশিদ খান ১ উইকেট পেয়েছেন ১৪ রানের খরচায়।