নামিবিয়াকে উড়িয়ে সেমিতে ভারত

গ্রুপেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছিল নামিবিয়া। উঠে এসেছিল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেও। কিন্তু শেষ আটে শিরোপার অন্যতম দাবিদার ভারতের সামনে দাঁড়াতেই পারল না দলটি। ১৯৭ রানের বিশাল জয়ে বাংলাদেশের পর দ্বিতীয় দল হিসেবে যুব বিশ্বকাপের সেমিফাইনালেও উঠে গেছে ভারত।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে কাল আগে ব্যাট করে ঋষভ পান্তের দুর্দান্ত সেঞ্চুরিতে ৬ উইকেটে ৩৪৯ রান তুলেছিল ভারত। জবাবে নামিবিয়া ৩৯ ওভারেই অলআউট হয়ে গেছে ১৫২ রানে। নেপালের বিপক্ষে আগের ম্যাচেই যুব ওয়ানডেতে দ্রুততম হাফ সেঞ্চুরির (১৮ বলে) রেকর্ড গড়েছিলেন পান্ত, নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগের ম্যাচে করেছিলেন ৫৭। কাল অবশ্য টানা তৃতীয় হাফ সেঞ্চুরিটাকে টেনে নিয়ে গেছেন সেঞ্চুরি পর্যন্ত, আউট হয়েছেন ৯৬ বলে ১১১ রানের ইনিংস খেলে।
৩৫০ রানের লক্ষ্যে খেলতে নেমে নামিবিয়ার শুরুটা খারাপ হয়নি। উদ্বোধনী জুটিতেই ৫৯ আসে ৯.৩ ওভারে। একসময় তো তাদের রান ছিল ১ উইকেটে ৮০। কিন্তু ৮০ রানেই দ্বিতীয় উইকেটটা পড়ার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে নামিবিয়ার ইনিংস।
আজ মিরপুরে তৃতীয় কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ইংল্যান্ড। এ ম্যাচের জয়ী দলটিই সেমিফাইনালে খেলবে ভারতের বিপক্ষে।