নারাইন-জাদুতে উইন্ডিজের জয়
দলে তাঁর জায়গা নিয়েই প্রশ্ন ছিল। বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার কারণে ২০১৪ সাল থেকেই কখনো দলে ফিরছেন তো কখনো স্বেচ্ছানির্বাসনে যাচ্ছেন! সুনীল নারাইন ওয়ানডে বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারেননি এ কারণে।
অ্যাকশন শুধরে ফেরার পরও মনে হয়েছে সাঈদ আজমলের মতোই ধার হারিয়েছেন নারাইন। কলকাতা নাইট রাইডার্সে তাঁর প্রত্যাবর্তন ছিল হতাশাজনক। অনেক ম্যাচে তাঁকে বসিয়েও রেখেছিল কলকাতা। কিন্তু নারাইন সব প্রশ্নের জবাব দিলেন পরশু। আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের ম্যাচে ক্যারিয়ার-সেরা বোলিং করে দক্ষিণ আফ্রিকাকে একাই হারিয়ে দিয়েছেন এই অফ স্পিনার। তাঁর স্পিন-জাদুতে গায়ানায় পরশু ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে প্রোটিয়াদের ৪ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
৯.৫-০-২৭-৬—এই বোলিংই বলে দিচ্ছে কতটা বিধ্বংসী ছিলেন নারাইন। দ্বিতীয় ওভারে ফিরিয়েছেন হাশিম আমলাকে। দক্ষিণ আফ্রিকাকে আশা দেখাচ্ছিলেন রাইলি রুশো (৬১)। তখনই আবার বোলিংয়ে ফেরেন নারাইন, তিন বলের মধ্যে আউট রুশো, ফারহান বেহারডিয়ান। এরপর ১১ বলের শেষ স্পেলে ৪ রানে আরও ৩ উইকেট। তাতেই ১৮৮ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা।
তাড়া করতে নেমে কাইরন পোলার্ডের ৬ ছক্কায় ৬৭ রানের ইনিংসটি সহজ জয় এনে দিয়েছে স্বাগতিকদের। ক্রিকইনফো।