নারাইন থাকলেও নেই ব্রাভো-পোলার্ড
সংবাদ বিজ্ঞপ্তিতে ক্লাইভ লয়েড বলেছেন, ‘আমি বিশ্বাস করি, খুব ভালো একটি দল নির্বাচন করেছি আমরা, যেটি বিশ্বকাপে গোটা ওয়েস্ট ইন্ডিজকে গর্বিত করবে।’ কিন্তু ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক নিজের এই কথা কি নিজেও বিশ্বাস করেন? ওয়েস্ট ইন্ডিজ দলে প্রতিভার এতটাই ছড়াছড়ি যে ডোয়াইন ব্রাভো ও কাইরন পোলার্ডের জায়গা হয় না!
প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সাবেক প্রধান দীননাথ রামনারায়ণ যে দাবি করেছিলেন, সেটিই সত্যি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে। বিশ্বকাপ দলে জায়গা হয়নি সদ্য সাবেক ওয়ানডে অধিনায়ক ব্রাভো ও সহ-অধিনায়ক পোলার্ডের। চুক্তি নিয়ে ঝামেলায় ভারত সফরে থেকে ফিরে আসা বিতর্কে সবচেয়ে সোচ্চার ছিলেন এই দুজনই। এর পরই কেড়ে নেওয়া হয় ব্রাভোর ওয়ানডে অধিনায়কত্ব, চলতি দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে স্কোয়াডে নেওয়া হয়নি কাউকেই। শুরুতে বাদ পড়াদের তালিকায় ছিলেন ড্যারেন স্যামিও। তবে পরে দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে দলে রাখা হয় স্যামিকে। রাখা হয়েছে তাঁকে বিশ্বকাপেও।
ওয়েস্ট ইন্ডিজের জন্য একটিই সুসংবাদ, স্বেচ্ছানির্বাসন শেষে ফিরছেন সুনীল নারাইন। চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার পর নিজেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকেও সরিয়ে নিয়েছিলেন নারাইন। ধারণা করা হচ্ছে, এই সময়ে অ্যাকশন নিয়ে কাজ করে তবেই ফিরছেন। ডোয়াইন না থাকলেও আছেন ছোট ব্রাভো, ড্যারেন। চোট কাটিয়ে ফিরেছেন ফাস্ট বোলার কেমার রোচ। এএফপি, রয়টার্স, ক্রিকইনফো।
ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দল
জেসন হোল্ডার (অধিনায়ক), মারলন স্যামুয়েলস, সুলিমান বেন, ড্যারেন ব্রাভো, জোনাথন কার্টার, শেলডন কটরেল, ক্রিস গেইল, সুনীল নারাইন, দিনেশ রামদিন, কেমার রোচ, আন্দ্রে রাসেল, ড্যারেন স্যামি, লেন্ডল সিমন্স, ডোয়াইন স্মিথ, জেরোম টেলর।