নারাইন নিষিদ্ধ হওয়ার পেছনে ভারতের হাত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনীল নারাইন। ফাইল ছবি
সুনীল নারাইন। ফাইল ছবি

আইপিএলে গত তিন মৌসুমে কলকাতা নাইট রাইডার্সকে দুবার চ্যাম্পিয়ন করার নেপথ্যে অন্যতম কারিগর তিনি। চলতি চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতেও এগোচ্ছিলেন দারুণ গতিতে। অথচ সুনীল নারাইনকে থামতে হলো ঠিক ফাইনালের আগে। নাকি থামিয়ে দেওয়া হলো বর্তমান সময়ের অন্যতম সেরা এ স্পিনারকে? চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে পর পর দুই ম্যাচ বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ ওঠায় ফাইনালে তার বোলিং নিষিদ্ধ। এসবের পেছনে ষড়যন্ত্র-তত্ত্ব খুঁজে পাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কর্তারা।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেছেন, ‘ভারতের কন্ডিশনে নারাইনের যে সাফল্য, তাতে ভারতের সবচেয়ে বড় হুমকি হবে সে। নারাইন এমন একজন বোলার, যাকে নিশ্চিতভাবে এড়াতে চাইবে ভারত।’ অবশ্য চ্যাম্পিয়নস লিগের ফাইনালে নিষিদ্ধ হলেও আন্তর্জাতিক ম্যাচ খেলতে বাধা নেই। ৮ অক্টোবর শুরু হতে যাওয়া ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও খেলতে পারবেন নারাইন। কিন্তু বোলিং অ্যাকশন নিয়ে এভাবে হঠাৎ প্রশ্ন উঠলে মানসিকভাবে শক্ত থাকা যেকোনো বোলারের পক্ষেই কঠিন। সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কর্তার ষড়যন্ত্র-তত্ত্ব উড়িয়ে দেওয়া যায় না! সূত্র: হিন্দুস্তান টাইমস, পিটিআই।