
আরেকবার পরীক্ষা দিয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সুনীল নারাইনকে। এরপরই মিলবে আইপিএলের অষ্টম আসরে খেলার সুযোগ। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) সভাপতি জগমোহন ডালমিয়া কাল সরাসরিই জানিয়ে দিলেন। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ওয়েস্ট ইন্ডিয়ান অফ স্পিনারকে ঘিরে ঝামেলা চলছে অনেক দিন ধরেই। সর্বশেষ চ্যাম্পিয়নস লিগে চলাকালে সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে নিষিদ্ধ হন নারাইন। এরপর ওয়েস্ট ইন্ডিজের ভারত সফরের দল থেকে বাদ পড়া নারাইন নিজে থেকেই সরে দাঁড়ান বিশ্বকাপের দল থেকে। মাঝের সময়টায় অ্যাকশন শুধরে লাফবরোতে পরীক্ষা দিয়ে আইসিসির ছাড়পত্রও পেয়েছেন। তবে নারাইনের এই দাবি গ্রাহ্য না করে বিসিসিআই বলে দিল, তাঁকে আবার পরীক্ষা দিতে হবে। এবার পরীক্ষা দিতে হবে চেন্নাইয়ের রামাচন্দ্র বিশ্ববিদ্যালয়ে। এদিকে নারাইনের দল কেকেআর হুমকি দিয়ে রেখেছে নারাইনকে না পেলে ৮ এপ্রিল থেকে শুরু আইপিএলে তারা খেলবে না। দ্য হিন্দু।