নার্সের ধাক্কার পর উপশম খুঁজছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিব ফিরেছেন ২৯ রানে। ছবি: টুইটার
সাকিব ফিরেছেন ২৯ রানে। ছবি: টুইটার

উদ্বোধনী জুটিতে ৫৪ রান—শুরুটা খারাপ হয়নি বাংলাদেশের। অ্যাশলে নার্সের বলে তামিম ইকবাল ২১ রানে আউট হওয়ার পর সৌম্য সরকার-সাকিব আল হাসান এগোচ্ছিলেন ভালোভাবেই। কিন্তু ২১তম ওভারে নার্সের পরপর দুই ধাক্কায় বাংলাদেশ একটু চাপেই পড়ে গেছে। ২০ ওভারে ১ উইকেটে ১০১ রান তোলা বাংলাদেশ ২৮ ওভার শেষে করেছে ৩ উইকেটে ১৪৫।

নার্সের আগের ওভারেই অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন সৌম্য। তার আগে অবশ্য টানা দ্বিতীয়বারের মতো পেয়েছেন ফিফটি। আয়ারল্যান্ড এমনিতেই সৌম্যর জন্য পয়মন্ত দেশ। ২০১৭ সালে এই আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে টানা দুটি ফিফটি পেয়েছিলেন। গত বছর ‘এ’ দলের হয়ে সফরটাও তাঁর কেটেছে দুর্দান্ত। এবারও সৌম্য আছেন দারুণ ছন্দে।

সৌম্য তবে আরও এগোতে পারতেন সামনে। গত ম্যাচে সেঞ্চুরি ফেলে আসায় বলেছিলেন, সামনে সুযোগ পেলে চেষ্টা করবেন তিন অঙ্ক ছুঁতে। পারলেন না সৌম্য। আজও সুন্দর ইনিংসটার পূর্ণতা দিতে পারেননি, ফিরেছেন ৬৭ বলে ৫৪ রান করে। সেটির চেয়ে গুরুত্বপূর্ণ, নার্সেরই বলে খানিক আগে শর্ট কাভারে চেজের হাতে সহজ ক্যাচ দিয়ে ফিরেছেন ২৯ রান করা সাকিব আল হাসান। নার্সের এক ওভারে সৌম্য-সাকিব ফিরে যাওয়াই একটু চাপে পড়েছে বাংলাদেশ।

নার্সের ধাক্কার পর উপশমের উপায় খুঁজছেন মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুন। এর মধ্যে স্নায়ুচাপেই কিনা রান আউট হতে বসেছিলেন মিঠুন। নার্সের বাজে থ্রোয়ে অল্পের জন্য রক্ষা। মুশফিক-মিঠুনের অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটিতে যোগ করা ৪২ রানে এগোচ্ছে বাংলাদেশ। ফাইনাল নিশ্চিত করতে হলে ১৩২ বলে করতে হবে ১০৩ রান।