পাকিস্তানের বাংলাদেশ সফরের শুরুতেই ওয়ানডে সিরিজ। তাই চার দিনের প্রথম শ্রেণির বাংলাদেশ ক্রিকেট লিগ বাড়তি পেল ৫০ ওভারের লিস্ট ‘এ’ টুর্নামেন্ট। উদ্দেশ্য ছিল ওয়ানডে সিরিজের আগে ম্যাচ প্র্যাকটিস সেরে নেওয়া। সেই প্র্যাকটিস টুর্নামেন্টেরই ফাইনাল আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। যেখানে মুখোমুখি নাসির হোসেনের বিসিবি উত্তরাঞ্চল ও মুমিনুল হকের ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল।
তবে দুই দল মিলিয়ে পাকিস্তান সিরিজের প্রথম দুই ওয়ানডের বাংলাদেশ দলের মাত্র সাতজনই খেলছেন আজকের ফাইনালে। উত্তরাঞ্চলে নাসিরের সঙ্গী জাতীয় দল সতীর্থ মুশফিকুর রহিম ও সাব্বির রহমান। পূর্বাঞ্চলে মুমিনুল পাশে পাচ্ছেন তামিম ইকবাল, আরাফাত সানি ও আবুল হাসানকে। হাঁটুতে চোট পাওয়া তামিমের খেলা নিয়ে অবশ্য একটু সংশয় ছিল। তবে কাল তাঁর সঙ্গে কথা বলে যে আভাস পাওয়া গেল, তাতে হয়তো খেলবেন। ‘এমআরআই করাতে হয়নি। হাঁটুর ব্যথাটা কমে গেছে। কাল সকালে ফিটনেস টেস্টে উতরে গেলে খেলব’—কাল বলেছেন তামিম।
গ্রুপ পর্বের পারফরম্যান্স বিবেচনায় ব্যাটিংয়ে অনেকটাই এগিয়ে নাসিরের দল। ব্যাটিংয়ে প্রথম তিনটি স্থানসহ শীর্ষ দশের ছয়জনই উত্তরের। অন্যদিকে শীর্ষ দশে পূর্বাঞ্চলের একমাত্র প্রতিনিধি ওপেনার লিটন দাস। বোলিংয়ে অবশ্য ১১ উইকেট নিয়ে সবার ওপরে পূর্বাঞ্চলের আরাফাত সানি। তিনে একই দলের আবুল হাসান (৬)। অন্যদিকে ৫ উইকেট নিয়ে উত্তরাঞ্চলের সেরা বোলার ওয়ানডে দল থেকে বাদ পড়া বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। লড়াইটা তাই আজ উত্তরের ব্যাটসম্যানদের সঙ্গে পূর্বের বোলারদেরও।
গ্রুপ পর্বে দুই দলের প্রথম লড়াইয়ে দুই দলের কাউকেই জিততে দেয়নি প্রকৃতি। জাতীয় দলের বাইরে থাকা জুনায়েদ সিদ্দিকের সেঞ্চুরিতে ৩২৮ রান করেছিল উত্তরাঞ্চল। জবাবে ১৩ ওভারেই ২ উইকেট হারিয়ে ৮৪ রান তুলে ফেলে জমজমাট লড়াইয়ে আভাস দিয়েছিল পূর্বাঞ্চল। কিন্তু শেষ পর্যন্ত ঝড়বৃষ্টিতে পণ্ড হয় ম্যাচ। আজ না আবার বাগড়া দেয় আবহাওয়া!