নাসির-নুরুলরাও প্রাথমিক দলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইমার্জিং এশিয়া কাপ ক্রিকেট সামনে রেখে কাল প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। যদিও বৃষ্টিবাধায় পুরোদমে অনুশীলন করা সম্ভব হয়নি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে ব্যাটিং আর জিম করেই কেটেছে প্রথম দিন। বাংলাদেশ দল এই সপ্তাহে মিরপুরে অনুশীলন করে ২১ মার্চ চলে যাবে কক্সবাজার। সেখানেই শুরু তাদের ইমার্জিং কাপের আসল অভিযান।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) আয়োজনে আট দলের এই টুর্নামেন্টে এশিয়ার চার টেস্ট খেলুড়ে দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা খেলবে তাদের অনূর্ধ্ব-২৩ দল নিয়ে। তবে স্কোয়াডে জাতীয় দলের চার খেলোয়াড় রাখতে পারবে তারা। বাংলাদেশ দলে যেমন থাকতে পারেন নাসির হোসেন, নুরুল হাসান, মোহাম্মদ মিঠুন, আবু হায়দার, তানভীর হায়দার, আবুল হাসানদের মধ্যে যেকোনো চারজন।
আপাতত ২১ জনের প্রাথমিক দল নিয়ে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। পাঁচ দিনের প্রস্তুতি শেষে ১৬ ও ১৮ মার্চ ফতুল্লায় দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। শ্রীলঙ্কা যাওয়ার আগে শারীরিক অবস্থা বুঝতে ম্যাচ দুটি খেলার কথা আছে বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। ২১ তারিখে কক্সবাজারে রওনা হওয়ার আগে ঘোষণা করা হবে ১৫ সদস্যের বাংলাদেশ দল। দলের অধিনায়ক কে হবেন, সেটি জানা যাবে তখনই। তবে কোচিং স্টাফ ঠিক হয়েছে এরই মধ্যে। দলের প্রধান কোচ মিজানুর রহমান, ব্যাটিং কোচ নুরুল আবেদীন ও ফিল্ডিং কোচ সাইফুল ইসলাম।
টুর্নামেন্ট শুরুর আগে কক্সবাজারেও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৭ মার্চ সেখানেই হংকং ম্যাচ দিয়ে শুরু হবে তাদের ইমার্জিং কাপ। একই মাঠে গ্রুপ পর্বের অন্য দুই প্রতিপক্ষ নেপালের সঙ্গে খেলবে ২৮ মার্চ ও পাকিস্তানের মুখোমুখি হবে ৩০ মার্চ। অন্য গ্রুপে লড়বে ভারত, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও মালেয়েশিয়া। দুই গ্রুপের সেরা চারটি দল উঠবে সেমিফাইনালে। খেলা হবে চট্টগ্রাম ও কক্সবাজারের চারটি মাঠে। সেমিফাইনাল-ফাইনাল হবে চট্টগ্রামে।
বাংলাদেশ দলের কোচ মিজানের লক্ষ্য ৩ এপ্রিলের ফাইনাল খেলা, ‘যেহেতু আমরা স্বাগতিক দল। আর ছেলেরা খেলার মধ্যেই আছে। আমাদের মূল লক্ষ্য ফাইনাল খেলা।’