নাসির ফিট কি না বলতে পারছেন না ওয়ার্নার

>নেতৃত্ব হারিয়ে নাসির হোসেন এবার সিলেট সিক্সার্সের হয়ে বিপিএল খেলছেন শুধুই খেলোয়াড় হিসেবে। দলে থাকলেও এখনো একাদশ নিশ্চিত নয়। আজ তাঁকে তো সেরা ১৫জনেও দেখা গেল না।
হাঁটুর চোট কাটিয়ে অনুশীলন শুরু করেছেন মাসখানেক হলো। বিপিএলে এবারও খেলছেন সিলেট সিক্সার্সের হয়ে। গতবার নেতৃত্ব দিয়েছিলেন দলকে। নাসির হোসেন এবার খেলছেন শুধুই খেলোয়াড় হিসেবে। খেলছেন বলতে, এখনো পর্যন্ত বলা যাচ্ছে দলেই আছেন শুধু। আজ একাদশ দূরে থাক, নাসির ছিলেন না সিলেটের সেরা ১৫ জনেও।
নাসির কি তবে এখনো ফিট নন ম্যাচ খেলতে? নাকি তাঁর পারফরম্যান্সে আস্থা রাখতে পারছে না সিলেট টিম ম্যানেজমেন্ট। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নারও পরিষ্কার কিছু বলতে পারেননি নাসিরকে নিয়ে, ‘টিম ম্যানেজমেন্ট তাঁকে খেলাবে কি খেলাবে না, দ্বিধায় ছিল। জানি না এই মুহূর্তে সে ফিট কি না। যদি সে ফিট থাকে তবে অবশ্যই সামনে খেলবে। এ কারণেই আপনারা দুজনর তরুণ খেলোয়াড়কে (আফিফ ও হৃদয়) দেখেছেন মাঠে।’
ফর্ম, চোটাঘাত আর মাঠের বাইরের নানা বিতর্কে জড়িয়ে ২০১৮ সালটা খারাপই গেছে নাসিরের। বিপিএল দিয়ে ফেরার কথা তাঁর। সিলেটের প্রথম ম্যাচে তাঁর অনুপস্থিতি বলছে, ফিরতে আরেকটু সময় লাগবে ২৭ বছর বয়সী অলরাউন্ডারে।