নাসির শীর্ষে ওঠালেন গাজীকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ট্রেইট ড্রাইভ, কাভার ড্রাইভ ও কাভার ড্রাইভ। টানা তিনটি বাউন্ডারি মেরে ম্যাচের সমাপ্তি টানলেন ‘দ্য ফিনিশার’ নাসির হোসেন। কাল ফতুল্লায় প্রাইম ব্যাংককে ৫ উইকেটে হারিয়ে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের শীর্ষেও উঠে গেল নাসিরের দল গাজী গ্রুপ ক্রিকেটার্স। ১৪ ম্যাচে সমান ২২ পয়েন্ট আবাহনী ও গাজীর, তবে গাজী শীর্ষে আছে মুখোমুখি লড়াইয়ের হিসাবে।

বৃষ্টিতে আগের দিন খেলা শুরুর মাত্র চার বল পরই স্থগিত হয়ে যাওয়া ম্যাচটি কাল আর কোনো বাধার মুখে পড়েনি। বদলায়নি ১ উইকেটে ০ রান নিয়ে দিন শুরু করা প্রাইম ব্যাংকের ভাগ্যও। ৪৩ ওভারের ম্যাচে ৩৯.১ ওভারেই ১৭৩ রানে অলআউট ব্যাংক দল। ৭ ওভারের মধ্যে ২৩ রান তুলতেই শেষ ৬ উইকেট হারানো ব্যাংকের হয়ে সর্বোচ্চ ৫৪ রান ওপেনার শানাজ আহমেদের।

১৭৪ রানের লক্ষ্য ৩৮.৪ ওভারেই পেরিয়ে যায় গাজী গ্রুপ। ৬৪ বলে নয় চারে ইনিংস-সর্বোচ্চ ৬১ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক নাসির। এর আগে বল হাতেও ২ উইকেট নিয়েছেন এবারের লিগে ৬ ইনিংস ব্যাট করে মাত্র একবার আউট হওয়া নাসির। ৬ ম্যাচে দুই সেঞ্চুরিতে ৪২১ রান করা নাসিরের ব্যাটিং গড়ও ৪২১.০০!

প্রাইম ব্যাংক: ৩৯.১ ওভারে ১৭৩ (শানাজ ৫৪, জাকির ৪৭; গুরকিরাত ৩/২৭, হায়দার ৩/৩২, নাসির ২/৪২)। গাজী গ্রুপ: ৩৮.৪ ওভারে ১৭৭/৫ (নাসির ৬১*, এনামুল ৪৫, মুমিনুল ৩৩; নাহিদুল ২/২৯)। ফল: গাজী গ্রুপ ৫ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: নাসির হোসেন।