নাসিরকে বদলে দিয়েছে দায়িত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাসির হোসেন
নাসির হোসেন

‘দায়িত্ব’ শব্দটি নাসির হোসেনের মনোজগতে এনে দিল কি পরিবর্তন! চার নম্বরে ব্যাট করলে দায়িত্ব নিয়ে খেলতে হয়, এই উপলব্ধি প্রিমিয়ার লিগে মাত্র সাত ম্যাচে নামের পাশে বসাল দুই সেঞ্চুরি, তিন ফিফটিসহ ৪৭৭ রান। মাত্র এক ইনিংসে আউট হওয়ায় গড়ও ৪৭৭।

মাঝে জাতীয় দলের সঙ্গে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে থাকায় কয়েকটি ম্যাচ খেলতে পারেননি। কিন্তু তার আগে-পরে নাসিরের অবদানেই এবার লিগ শিরোপার সুবাস পাচ্ছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। কিন্তু ঘরোয়া ও আন্তর্জাতিক সব ক্রিকেটেই ছয়-সাত, কখনো আটে ব্যাট করা নাসির কীভাবে মানিয়ে নিলেন চারে উঠে? গত প্রিমিয়ার লিগের দু-একটি ম্যাচ ছাড়া এর আগে কখনোই ব্যাট করেননি চারে। তাহলে?

কাল মুঠোফোনে নাসির খোলাসা করলেন ব্যাপারটা, ‘চার নম্বর ব্যাটসম্যানের দায়িত্ব অনেক। পুরো দল আমার ওপর নির্ভর করছে। আমি ভালো ইনিংস খেললে দলের স্কোর ভালো হয়। আমার কাজ হচ্ছে আস্তে আস্তে ইনিংস গড়া, ৫০ ওভার পর্যন্ত খেলে আসার চেষ্টা করা।’

জাতীয় দলে খেলেন লোয়ার মিডল অর্ডারে। ব্যাট করতে হয় ম্যাচের পরিস্থিতি অনুযায়ী। তুলনায় চার নম্বরে ব্যাটিং অনেকটাই আলাদা। বল, সময় দুটোই পাওয়া যায় প্রচুর। নতুন জায়গায় তারপরও দারুণ মানিয়ে নিয়েছেন নাসির, ‘জাতীয় দলে যেখানে খেলি, সেখানে আমার কাজ দ্রুত রান তোলা। ভুল শট খেলে আউট হলেও তাই করতে হয়। দলের পরিকল্পনাই এ রকম থাকে। ওই জায়গায় যে খেলবে তাকে এভাবেই খেলতে হবে। চার নম্বরে খেলতে হয় দায়িত্ব নিয়ে।’

গাজী গ্রুপে নাম লেখানোর সময় নাসিরের শর্তই ছিল তাঁকে চার নম্বরে খেলতে দিতে হবে। কোচ মোহাম্মদ সালাউদ্দিন সেই শর্ত মেনে দলে নেন তাঁকে। নাসিরও দিয়েছেন আস্থার প্রতিদান। এতে দূর হয়েছে অনেক দিনের একটা অতৃপ্তিও, ‘পাঁচ-ছয়ে ব্যাটিং করে প্রিমিয়ার লিগের অনেক ম্যাচে ব্যাটিংই পাইনি। অনেক ম্যাচে সাত-আটেও খেলেছি। ওই জায়গায় নেমে বড় ইনিংস খেলার সুযোগ থাকে না। সে জন্যই এবার ঠিক করেছিলাম চারে খেলব।’ সঙ্গে আরেকটা লক্ষ্যও ছিল—অন্তত ৯০০ রান করে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ স্কোরার হওয়া। সব ম্যাচ খেলতে না পারায় সে লক্ষ্য পূরণ হয়নি।

আয়ারল্যান্ডে মাত্র একটি ম্যাচ খেলে দেশে ফিরে এসেছেন চ্যাম্পিয়নস ট্রফিতে স্ট্যান্ডবাই তালিকায় থাকা নাসির। তবে বাংলাদেশ দল থেকে দূরে আছেন বলে দুঃখ নেই, ‘জাতীয় দলে না খেললে ক্যারিয়ার শেষ, এ রকম কিছু নয়। খেলার আরও জায়গা আছে। সব জায়গায়ই আমি পারফর্ম করার চেষ্টা করি। ভালো খেললে জাতীয় দলে ঢুকব। সব খেলোয়াড়ের ক্ষেত্রেই এটা সত্যি।’

ডাবলিনে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রায় সাড়ে সাত মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন। সদা নির্ভার নাসিরও প্রচণ্ড চাপ অনুভব করেছেন সেদিন, ‘এ রকম চাপে কখনোই ছিলাম না। অনেক দিন ধরে দলের বাইরে আছি, বসা থেকে উঠে হঠাৎ ম্যাচ খেলতে নেমেছি। নেতিবাচক অনেক কিছুই কাজ করছিল মাথায়।’

তবে প্রিমিয়ার লিগ দিয়েছে ঠিক তার বিপরীত অভিজ্ঞতা, ‘লিগে আমার চিন্তাটা পরিষ্কার হয়ে গেছে। আমি খেলাটা উপভোগ করেছি। ব্যাটিংয়ে নামলে এখন বুঝতে পারি, আমাকে কীভাবে শুরু করতে হবে বা কীভাবে এগোব।’