নাসিরেই আশা খুঁজছে বাংলাদেশ

প্রথম সেশনে এক উইকেট, দ্বিতীয় সেশনে দুটি আর শেষ সেশনে পাঁচটি। তীব্র জলোচ্ছ্বাসে ধীরে ধীরে বাঁধের প্রতিরোধ যেভাবে ভেঙে পড়ে, বাংলাদেশের উইকেট পতনের চিত্রটা তেমনই। ঢাকা টেস্টেও প্রথম সেশন দারুণ শুরু করেও দিন শেষে মুশফিকদের মুখজুড়ে শ্রাবণের মেঘ! তবে মেঘের মাঝে একটুকরো আলো হয়ে আছেন সাত টেস্ট পর দলে জায়গা পাওয়া নাসির হোসেন। আপাতত নাসিরেই আশা খুঁজছে বাংলাদেশ।
দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসতে হবে, এটা বোধ হয় নিজেও ভাবেননি মুমিনুল হক। সর্বশেষ এসেছিলেন খুলনা টেস্টের প্রথম দিনে। সেদিন নামের পাশে ছিল ৮০ রানের একটি ইনিংস। ছিল টানা ১০ টেস্টে পঞ্চাশের বেশি ইনিংস খেলে দারুণ একটি রেকর্ড ছোঁয়ার গৌরবও। আজ নেই পঞ্চাশোর্ধ্ব রানের কোনো ইনিংস, নেই নতুন কোনো রেকর্ড গড়ার কীর্তিও। এলেন দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান করে। মুমিনুলের মুখটা যেন বলে দিচ্ছিল গোটা দলের ছবি। যেখানে প্রত্যাশা পূরণ না হওয়ার হতাশা স্পষ্ট।
প্রথম দিনে ৮ উইকেটে ২৪৬-উইকেট কিংবা রান, কোনোটিই সন্তুষ্ট হওয়ার মতো নয়। মুমিনুলও অকপটে স্বীকার করলেন, রানটা আরও বেশি হলে ভালো হতো, ‘রানটা অনেক কম হয়ে গেছে। টেস্টে ৩৫০ কিংবা ৪০০ রানের বেশি (ইনিংসে) হলে ভালো হয়। তখন বোলাররাও ভালো মতো বোলিং করতে পারে। আসলে আমাদের রানটা কমই হয়ে গেছে।’
চট্টগ্রাম টেস্টের মতো প্রায় একই ধরনের শট খেলতে গিয়ে ফিরেছেন মুমিনুল। থিতু হয়ে ফিরে একপ্রকার অনুশোচনায় ভুগছেন এ বাঁহাতি, ‘একটা ভুল সিদ্ধান্ত (শট নির্বাচনে) নিয়ে ফেলেছি ওই বলটাতে। আজ সব সিদ্ধান্তই ভালো ছিল। এ সিদ্ধান্তটি শুধু খারাপ নিয়েছিলাম। আগের ম্যাচেও সিদ্ধান্তটা খারাপ ছিল। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারব।’
প্রথম সেশনটা দারুণ করার পরও দিন শেষে তৃপ্তির হাসি হাসতে না পারার পেছনে নিজেদের দায়টাও কম দেখছেন না মুমিনুল। নিজে তো বটেই, তামিম ইকবাল, লিটন দাস রীতিমতো উইকেট ছুড়ে দিয়ে এসেছেন। মুমিনুলের কণ্ঠে তাই আত্মসমালোচনা, ‘ওদের বোলারদের মধ্যে শুধু পেসাররাই ভালো বোলিং করেছে। ডুমিনি হয়তো ভালো বলে একটি উইকেট পেয়েছে। তবে আমার উইকেটটি খুব বাজে ছিল। লিটনও বাজে বলে ফিরেছে। কায়েস (ইমরুল) ভাইয়ের উইকেট অবশ্য ভালো বলে ছিল। তবে আমরা ওদের উইকেট দিয়েই এসেছি।’
ডিন এলগারের বলে মুশফিকুর রহিমের আউটটি নিয়ে অবশ্য সংশয় থেকে গেছে। বেশ আত্মবিশ্বাসী হয়েই রিভিউ নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। তবুও শেষ রক্ষা হয়নি। মুশফিকের আউট নিয়ে কিছু বলতে চাইলেন না মুমিনুলের। কেবল জানালেন, ‘এ ব্যাপারে কিছু বলতে পারব না। তিনিই ভালো বলতে পারবেন।’
এখনো দুটো উইকেট হাতে আছে। বাংলাদেশ পারবে ৩০০ পার করতে? উত্তরটা ১৩ রানে অপরাজিত ব্যাটসম্যান নাসিরের ওপরই ছেড়ে দিলেন মুমিনুল, ‘চেষ্টা করব ৩০০ রান করার। আমরা ভালো জায়গায় বোলিং করতে পারলে এটা ভালো স্কোর হবে। মনে করি, ৩০০ করা সম্ভব। নাসির যদি ভালো খেলতে পারে হবে ইনশা আল্লাহ।’