নাসিরের চোখে ৩-০

বিশ্বকাপে ‘মওকা...মওকা’র জ্বালায় অস্থির হয়েছিল সবাই। ভারতের সঙ্গে যারই খেলা আসুক, ভারতীয় এক টেলিভিশন চ্যানেলে শুরু হয়ে যেত ওই প্রতিপক্ষ নিয়ে ‘মওকা...মওকা’ বিজ্ঞাপন। যার একটাই অর্থ দাঁড়াত, আর যাই হোক, ওই দলটার পক্ষে ভারতকে হারানো সম্ভব নয়।
এবার ভারতকে সেই ‘মওকা...মওকা’ ফিরিয়ে দিচ্ছে বাংলাদেশ। প্রথম দুই ওয়ানডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দর্শকদের গলায় কোরাসে ‘মওকা...মওকা’ টিপ্পনী শুনেতে হয়েছে মহেন্দ্র সিং ধোনির দলকে। আর বাংলাদেশ দলের খেলোয়াড়দের মধ্যে তো ‘বিনা যুদ্ধে নাহি দেব সূচ্যগ্র মেদিনী’ ভাবটা আছেই। সব দেখেশুনে এক ভারতীয় সাংবাদিকের কিনা মনে হলো, বাংলাদেশ দল বুঝি কোনো এক জেদ নিয়েই খেলছে ভারতের বিপক্ষে। হতে পারে বিশ্বকাপের ঘটনাবহুল কোয়ার্টার ফাইনাল এর একটা কারণ। ‘মওকা’ বুঝে কাল ওই সাংবাদিক নাসির হোসেনকে প্রশ্নটা করেই ফেললেন, ভারতের বিপক্ষে কোনো রাগ নিয়ে খেলছে না তো বাংলাদেশ!
শেষ ওয়ানডের আগে নাসির সংবাদ সম্মেলনে এসেছিলেন দলের প্রতিনিধি হয়ে। দুদিন আগে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার প্রশংসা-বৃষ্টিতে ভিজেছেন। নাসিরই নাকি এই মুহূর্তে ওয়ানডেতে বাংলাদেশের সেরা অফ স্পিনার। কাল সেটা নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে নাসিরের রসিকতা, ‘যে বনে বাঘ নেই সে বনে বিড়ালই বাঘ। আমাদের ১১ জনের মধ্যে অফ স্পিনার আর নেই তো, তাই হয়তো আমিই সেরা (হাসি)।’ পরে অবশ্য একটু সিরিয়াস হয়ে জানিয়েছেন, বোলিং যে আগের চেয়ে ভালো হচ্ছে সেটা তাঁরও মনে হচ্ছে। এ জন্য কাজ করছেন স্পিন কোচ রুয়ান কালপাগের সঙ্গে। কৃতিত্ব দিলেন মাশরাফিকেও, ‘মাশরাফি ভাই আমাকে সব সময়ই বলেন নিজেকে অকেশনাল বোলার না ভাবতে।’
গত বছরের শেষ দিকে জিম্বাবুয়ে সিরিজের দল থেকে বাদ পড়েছিলেন। নাসির ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ভাবেন ওটাকেই, ‘জিম্বাবুয়ে সিরিজে বাদ পড়ে খারাপ লেগেছিল। আবার সেটিতে আমার ভালোও হয়েছে। তারপর থেকে অনেক সিরিয়াস হয়েছি। জীবনে কখনো কখনো নেতিবাচক বিষয় থেকেও অনেক ইতিবাচক জিনিস আসে।’
নিজের পারফরম্যান্স ছাড়া দল নিয়েও অনেক প্রশ্ন করা হলো নাসিরের কাছে। শেষ ওয়ানডের আগে খেলোয়াড়দের আত্মবিশ্বাস কেমন, ‘বাংলাওয়াশ’ হবে কি না, আগের ম্যাচে বিরাট কোহলির উইকেট নিয়ে কেমন লাগছিল ইত্যাদি। সব প্রশ্নেরই সংক্ষিপ্ত উত্তর দিয়ে গেলেন নাসির। ‘বাংলাওয়াশ’কে অসম্ভব বললেন না। জানালেন শেষ ম্যাচের আগে দলের মানসিক অবস্থার কথাও, ‘ড্রেসিংরুমে একটু আগেও কথা হয়েছে। বলা হয়েছে আমরা যদি প্রথম দুটি ম্যাচে হারতাম তাহলে শেষ ম্যাচে আমাদের ওপর চাপটা কেমন থাকত, কীভাবে খেলতাম আমরা। কাল (আজ) যেন আমরা সেভাবেই খেলি। সবাই যেন সিরিয়াস থাকে। বিন্দু পরিমাণও ছাড় দেওয়া যাবে না।’
এসবের পরই এল ভারতের ওপর রাগের প্রসঙ্গটা। নাসির অবশ্য প্রশ্ন শুনে হেসেই দিলেন। এরপর পাল্টা প্রশ্ন, ‘রাগ নিয়ে খেলব কেন? টিভিতে ওই বিজ্ঞাপনগুলো দেখতে ভালোই লাগে। মনে হয় আমরা কী প্রতিদ্বন্দ্বিতা করব; দেশের মানুষই তো আমাদের চেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা করে!’
প্রথম দুই ওয়ানডে জিতে এক ম্যাচ আগেই সিরিজ জয় নিশ্চিত হয়ে যাওয়ায় এবার সে প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বাংলাদেশের মানুষও। সবাই এখন অপেক্ষায় আরেকটি ‘বাংলাওয়াশ’ দেখার। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস বলছে বৃষ্টি হানা দিতে পারে তৃতীয় ওয়ানডেতেও। ‘শেষ ম্যাচটি না হলে অবশ্যই আক্ষেপ থাকবে। ভারত বড় দল, তাদের বিপক্ষে খেলতে পারলে আমরা অনেক কিছু শিখতে পারব। হারি-জিতি, আমরা ম্যাচটা খেলতে চাই’, বলছিলেন নাসির।