নাসিরের ভাবনায় অস্ট্রেলিয়া

‘এ’ দলের হয়ে গত বছর আগস্টে গিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ সফরে। বছর ঘুরে নাসির হোসেন আবার ‘এ’ দলের হয়ে যাচ্ছেন ভারতে। তবে দুটো সফরের মধ্যে পার্থক্য রয়েছে। গতবার গিয়েছিলেন অধিনায়ক হয়ে, এবার সহ-অধিনায়ক হয়ে। গুরুত্বপূর্ণ পার্থক্যটি হচ্ছে, গতবার নাসির গিয়েছিলেন নিজেকে ফিরে পেতে। আর এবার নিজেকে ঝালিয়ে নিতে। নাসির তাই বললেন, অস্ট্রেলিয়া সিরিজের জন্য এটি প্রস্তুতির দারুণ এক সুযোগ।
ভারত সফরে বাংলাদেশ ‘এ’ দলের অধিকাংশই জাতীয় দলের খেলোয়াড়। ভারত ‘এ’ দলেও আছেন বেশ কজন জাতীয় দলের খেলোয়াড়। কাজেই আসন্ন সিরিজটি কঠিনই হবে বলে মনে করছেন নাসির। আর কঠিন হলে সেটি আখেরে উপকার দেবে বাংলাদেশের খেলোয়াড়দেরই। নাসির তাই বললেন, ‘ওদের দলে কে আছে না আছে, আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আমরাও চাই একটা কঠিন সিরিজ হোক। প্রতিপক্ষ শক্তিশালী কেউ হোক, সেটাই আশা করি।’
নাসির জানালেন, ‘এ’ দলে জাতীয় দলের খেলোয়াড়দের আধিক্য অস্ট্রেলিয়া সিরিজ সামনে রেখে, ‘এটি অস্ট্রেলিয়া সিরিজের জন্য প্রস্তুতির ভালো সুযোগ। এ কারণেই হয়তো জাতীয় দলের খেলোয়াড়েরা আছে। আমরা ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে তাদের মাটিতেই খেলছি, দারুণ এক সুযোগ। ওখানে ভালো খেলতে পারলে অস্ট্রেলিয়া সিরিজে কাজে দেবে।’
ভারত ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দল খেলবে তিনটি ওয়ানডে ও দুটি তিন দিনের ম্যাচ। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ খেলবে কেবল দুটো টেস্ট। যদি প্রস্তুতির কথাই ধরা হয়, তবে নাসিরদের মনোযোগ থাকবে কোন সংস্করণে—ওয়ানডে নাকি বড় দৈর্ঘ্যের ক্রিকেটে। এমন প্রশ্নে দারুণ এক ‘গ্যাপ শট’ খেললেন ‘দ্য ফিনিশার’, ‘মনোযোগ থাকবে উভয় দিকেই। প্রথমে ওয়ানডে সিরিজটি জিততে চাই। কাজেই প্রথম মনোযোগ ওয়ানডে সিরিজেই। এরপর তিন দিনের ম্যাচ নিয়ে ভাবব। তিন দিনের ম্যাচ পরে হওয়ায় ভালো হয়েছে। এরপরই তো অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ।’
মুমিনুল হকের নেতৃত্বে ১৩ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে পৌঁছাবে বাংলাদেশ ‘এ’ দল। গত বছর ক্যারিবীয় সফরে নাসিরের অধিনায়কত্বে বাংলাদেশ ‘এ’ দলে খেলেছিলেন মুমিনুল। মুমিনুলের অধিনায়কত্ব প্রসঙ্গে বলতে গিয়ে একগাল হাসলেন নাসির। বললেন, ‘কী বলব? সবাই তরুণ খেলোয়াড়। ওর জন্য কাজটা কঠিন কিছু হবে না। যারা খেলবে সবাই অভিজ্ঞ। সবাই সবার দায়িত্ব সম্পর্কে জানে। অনেকেই অনেক দিন ধরে খেলছে, আশা করি কোনো সমস্যা হবে না। আমার জায়গা থেকে যতটা সাহায্য করা দরকার, করব।’