নাসিরের সামনে খুলল টেস্ট দলের দরজা

টেস্ট দলে সুযোগ না পাওয়া নিয়ে একটা আক্ষেপ তাঁর ছিলই। দলের সর্বশেষ পাঁচ টেস্টেই জায়গা পাননি। তবে যেভাবে সুযোগ পেলেন, নাসির হোসেন নিশ্চয়ই এভাবে সেটি চাননি। মাহমুদউল্লাহ চোট নিয়ে ছিটকে পড়ায় তাঁর পরিবর্তে নাসিরকে দলে নিয়েছেন নির্বাচকেরা। তবে যেভাবেই আসুক না কেন, একাদশে নিজের জায়গা প্রমাণের এই সুযোগটা নাসির নিশ্চয়ই কাজে লাগাতে চাইবেন।
১৬ টেস্টের ক্যারিয়ারে ১টি সেঞ্চুরি, ছয়টি ফিফটি। গড় প্রায় ৩৭। লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যানের জন্য পরিসংখ্যানটা অনেক ভালো। কিন্তু সর্বশেষ নয় ইনিংসে কোনো ফিফটির দেখা না পেয়ে নাসির নিজেই জায়গা নড়বড়ে করে ফেলেছিলেন। সর্বশেষ টেস্ট খেলেছিলেন গত বছর সেপ্টেম্বরে। বাংলাদেশের জন্য যাচ্ছেতাই যাওয়া ওয়েস্ট ইন্ডিজ সফরের পরই বাদ পড়েন। জিম্বাবুয়ের বিপক্ষে তিন টেস্টের পর পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজেও খেলা হয়নি তাঁর।