নাসিরের ৩০০ না হওয়ায় রকিবুলের 'ডিনার'

ট্রিপল সেঞ্চুরি নিয়ে কাল রাতটা শুধু নাসির হোসেনের নয়, চিন্তায় কাটার কথা রকিবুল হাসানেরও! ২০০৭ সালের ২১ মার্চ ফতুল্লায় জাতীয় লিগে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন রকিবুল। গত এক দশকে মার্শাল আইয়ুব, মোসাদ্দেক হোসেন, শামসুর রহমানরা সম্ভাবনা জাগিয়ে পারেননি তাঁর রেকর্ডটা ভাঙতে বা দেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ট্রিপল সেঞ্চুরি করতে।
কাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে ২৭০ রানে অপরাজিত রংপুরের নাসির হোসেন কি পারবেন রকিবুলের সঙ্গী হতে বা তাঁর অপরাজিত ৩১৩ রানের রেকর্ডটা ভেঙে দিতে—এমন একটা প্রশ্ন নিয়ে শুরু হয়েছিল আজ জাতীয় লিগের শেষ রাউন্ডের শেষ দিনের সকাল। অনেক দূর এগিয়ে যাওয়া নাসির শেষ পর্যন্ত আউট হয়েছেন ২৯৫ রানে।
নাসির যখন রেকর্ড গড়তে ছুটছেন, একই সময়ে বিকেএসপিতে ঢাকা বিভাগের হয়ে খুলনার বিপক্ষে খেলছেন রকিবুল। মনোযোগ মাঠে থাকলেও মনটা যেন তাঁর পড়ে ছিল চট্টগ্রামে। অতঃপর নাসিরের ট্রিপল সেঞ্চুরি না হাওয়ায় ঢাকার ড্রেসিংরুমে খুশির ঢেউ! সেটি বলতে গিয়ে হেসেই বাঁচেন না রকিবুল, ‘নাসির যে খেলোয়াড়, আমার মনে হচ্ছিল ও বোধ হয় ট্রিপল সেঞ্চুরি করেই ফেলবে। আজ আমাদেরও ম্যাচ ছিল। খেলাটা ওভাবে খেয়াল করতে পারিনি। পরে যখন শুনলাম সে ২৯৫ রানে আউট হয়ে গেছে, ড্রেসিংরুমে আমাদের সতীর্থরা বলছিল, রকিবুল আমাদের ডিনার খাওয়াবে! জানতে চাইলাম, কেন? নাসির ৩০০ করতে পারেনি! উত্তরে বলছিলাম, রেকর্ড হয়ই ভাঙার জন্য। নাসিরের মতো প্রতিভাবান খেলোয়াড় যদি এটা ভেঙে দিত আমি খুশিই হতাম।’
নাসির ভাঙতে পারেননি। এখন কতটা ‘খুশি’? গাড়ি চালাচ্ছিলেন রকিবুল। ড্রাইভিং থামিয়ে চারপাশ কাঁপিয়ে হাসলেন, ‘এখন আরও বেশি খুশি!’ ১০ বছর ধরে যে রেকর্ডটা নিজের অধিকারে রেখেছেন রকিবুল, সেই ইনিংসের প্রতিটি মুহূর্ত, প্রতিটি স্মৃতি গেঁথে আছে রকিবুলের হৃদয়ে। তবে তাঁর কাছে সবচেয়ে স্মরণীয় ওই স্মৃতিটা, ‘নিজের রেকর্ড নিয়ে সব খেলোয়াড়ই গর্ব বোধ করে। সেটা রান নিয়ে হতে পারে, উইকেট নিয়ে হতে পারে। সেদিন ১৫০-২০০ রান হলে মনে একটা আত্মবিশ্বাস চলে এসেছিল আমার ট্রিপল সেঞ্চুরি হয়ে যাবে। ৩১৩ রানে অপরাজিত থেকে যখন ড্রেসিংরুমে ফিরে আসছিলাম, মাঠে আমাকে গার্ড অব অনার দেওয়া হয়েছিল। এই স্মৃতিটা কোনো দিন ভুলব না।’
প্রথম শ্রেণির ক্রিকেটে ৩১৩* রানের রেকর্ডটা স্পর্শ কিংবা ভেঙে দেওয়ার সম্ভাবনা জাগিয়েছেন অনেকেই, পারেননি। রকিবুলের চাওয়া, অন্য কেউ নন, নিজেই ভাঙবেন নিজের রেকর্ড, ‘আরেকটা ট্রিপল সেঞ্চুরির স্বপ্ন দেখি। বড় দৈর্ঘ্যের ক্রিকেটে প্রতি মৌসুমেই আমার লম্বা ইনিংস থাকে। আমার লক্ষ্য নিজের রেকর্ড নিজেই ভাঙব।’
শুধু বড় দৈর্ঘ্যের ক্রিকেটে নয়, বাংলাদেশ লিস্ট ‘এ’ ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ রানটাও রকিবুলের। গত মে মাসে বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে আবাহনীর বিপক্ষে করেছিলেন ১৯০ রান। বাংলাদেশ দলের অধ্যায়টা পেছনে পড়লেও ৯ টেস্ট, ৫৫ ওয়ানডে ও ৫ টি-টোয়েন্টি খেলা রকিবুলকে মনে রাখতে হবে এই ৩১৩*, ১৯০ দিয়ে!