নায়ক এবং ট্র্যাজিক নায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিব্যক্তি বলে দিচ্ছে সবকিছু। আউট হওয়ার পর বিরাট কোহলির সব হারানোর হতাশা l এএফপি
অভিব্যক্তি বলে দিচ্ছে সবকিছু। আউট হওয়ার পর বিরাট কোহলির সব হারানোর হতাশা l এএফপি

‘দুজন করেছেন জোড়া সেঞ্চুরি। দুর্দান্ত পারফরম্যান্স স্টিভ স্মিথ, মুরালি বিজয়, ডেভিড ওয়ার্নারের, কিন্তু ম্যান অব দ্য ম্যাচ...’, পুরস্কার বিতরণীতে বলছিলেন মার্ক নিকোলাস, ‘যিনি সবচেয়ে বড় দাবিদার, সবচেয়ে বেশি প্রাপ্য যাঁর, ম্যান অব দ্য ম্যাচ নাথান লায়ন!’
হাসিমুখে এগিয়ে এলেন লায়ন। নিকোলাসের বিস্ময়মাখা জিজ্ঞাসা, ‘সো, ইউ ডিড ইট!’
এই ‘ইটের’ মানে অনেক। অনেক সংশয়, অনেক প্রশ্ন...দলকে জেতানোর সামর্থ্য আছে কি না, ভারতের মতো স্পিন খেলুড়ে দেশকে ভোগাতে পারবেন কি না। সবচেয়ে বড় প্রশ্ন, চতুর্থ ইনিংসের সামর্থ্য নিয়ে। দুনিয়াজুড়ে তাবৎ স্পিনারের যেখানে চতুর্থ ইনিংসে বোলিংয়ের জন্য হাত নিশপিশ করে, লায়ন সেখানেই সবচেয়ে বিবর্ণ। কালকের আগে চতুর্থ ইনিংসে ২০ ইনিংসে ছিল মাত্র ২৪ উইকেট—ভাবা যায়! শেষ দিনে তাঁর দিকে তাকিয়ে থাকা দলকে হতাশ করেছেন বেশ কবার। নিজের মাঠ, একসময় যেখানে ছিলেন মাঠকর্মী, সেই অ্যাডিলেড ওভালেই অনেক প্রশ্নের উত্তর দিয়ে ফেললেন লায়ন। উড়িয়ে দিলেন সংশয়ও।
মাইক হাসি অবসর নেওয়ার সময় দলের জয়সংগীত ‘আন্ডারনিথ দ্য সাউদার্ন ক্রস’ গাওয়ার দায়িত্ব দিয়ে গেছেন এই লায়নকে। ড্রেসিংরুমে সেটি গলা ফাটিয়েই আওয়াজ ধরেন। তবে এমনিতে তিনি অন্তর্মুখী-মৃদুভাষী। নিকোলাসের কথায়ও লায়ন শুধু হাসলেন। পারফরম্যান্সই তো জবাব, মুখে বলার কী আছে! নিপাট ভদ্রলোক, তাই লায়নের ধন্যবাদের তালিকাও বেশ লম্বা, ‘দর্শকদের ধন্যবাদ, কঠিন সময়েও সমর্থন দিয়ে যাওয়ায়। মাঠকর্মীদের ধন্যবাদ, অসাধারণ টেস্ট উইকেট ছিল এটি। বিরাট-বিজয় অবিশ্বাস্য খেলেছে। তবে আমরা যোগ্য হিসেবেই জিতেছি।’
লায়ন যখন কথা বলছেন, একটু দূরেই থুতনিতে হাত দিয়ে দাঁড়িয়ে বিরাট কোহলি। একটি শটে টাইমিংয়ের গড়বড়ে যিনি অবিশ্বাস্য জয়ের নায়ক থেকে হৃদয়বিদারক হারের বেদনাবিদ্ধ নায়ক! লায়নের শর্ট বলে আউট হওয়া ওই শট নিয়ে বললেন, ‘আমি চেয়েছিলাম স্কয়ারের সামনে (মিড উইকেট ও মিড অনের মাঝামাঝি) খেলতে। কিন্তু ফিল্ডার সোজা হয়ে গেল। এমন একটি ভুল এটি, ভবিষ্যতে হয়তো পেছনে ফিরে তাকিয়ে মনে হবে অন্যভাবে খেলতে পারতাম শটটি। তবে সারা দিনই নিজের সামর্থ্যে আস্থা রেখে অনেক শট খেলেছি, তাই আক্ষেপ নেই।’
ভারত যে জয়ের প্রবল সম্ভাবনা জাগিয়েছিল, দিনের শুরুতে অবশ্য সেটাও ছিল ভাবনার অতীত। কিন্তু অধিনায়কত্বের অভিষেকেই নিজের নেতৃত্বগুণের ছাপ রাখা কোহলিই বিশ্বাসটা বুনে দেন সতীর্থদের মনে। প্রথমে ড্রেসিংরুমে, পরে উইকেটে ব্যাট হাতে, ‘চতুর্থ দিন শেষ হওয়ার পরই সবাইকে বলেছিলাম, লক্ষ্য যেটাই হোক, তাড়া করব আমরা। আমার ভাবনা সব সময় একমুখী, জয়ের বিকল্প নেই। ড্রয়ের জন্য খেলে লাভ নেই। আমি আর বিজয় যদি আর ৪০টি রান করে দিয়ে আসতে পারতাম, তাহলেই হয়তো কাজ হয়ে যেত। ক্রিকেট এমনই। ছেলেদের পারফরম্যান্সে আমি গর্বিত।’
গর্ব করার মতোই পারফরম্যান্স। তবে অসাধারণ এক জয় হাতের মুঠো থেকে ফেলে দেওয়ার বেদনা অনেক দিনই যন্ত্রণা দেবে কোহলিকে! ক্রিকইনফো, স্টার স্পোর্টস।