
গ্রায়েম ক্রেমার নিজের ওপর বিরক্ত হয়ে মাথার চুল ছিঁড়তে পারেন। জিম্বাবুয়ে অধিনায়ক হয়তো ভাবছেন, কী দরকার ছিল রঙ্গনা হেরাথের ওই বলটি উইকেট ছেড়ে বেরিয়ে খেলতে যাওয়া?
৪১২ রানের লক্ষ্য, পুরো দিনটা পড়ে রয়েছে। জয়ের সম্ভাবনা নেই মেনেই পঞ্চম দিনে ব্যাট করতে নেমেছিল জিম্বাবুয়ে। ক্রেমার ওই সময় আউট না হলে জিম্বাবুয়ে ড্র করে ফেলত, সেটি নিশ্চিত বলা যায় না। তবে ৩০ বছর বয়সী ব্যাটসম্যান আউট হওয়ার পরই হারারেতে কাল জিম্বাবুইয়ানদের ললাটে লেখা হয়ে যায় হার। সিরিজের প্রথম টেস্টে ২২৫ রানে হেরেছে জিম্বাবুয়ে।
আগের দিনের ৬ উইকেটে ২৪৭ রানেই কাল ইনিংস ঘোষণা করেন লঙ্কান অধিনায়ক হেরাথ। জয় দূরে, আগের দিন বৃষ্টির কারণে কাল ৯৮ ওভার খেলা নির্ধারিত থাকায় ড্রয়ের জন্যও বিশেষ কিছু করতে হতো জিম্বাবুয়েকে। ক্রেমারের ব্যাট সেটির স্বপ্ন দেখালেও শেষ পর্যন্ত বাস্তব হলো না তাঁরই ভুলে।
অষ্টম ব্যাটসম্যান হিসেবে তিরিপানো ফিরে যাওয়ার পরও বাকি ছিল প্রায় ৩০ ওভার। অভিষিক্ত মুম্বাকে নিয়ে তবু বুক চিতিয়ে লড়ছিলেন অধিনায়ক। ১৪৪ বলে ৪৩ রানের ইনিংসটিতে একবারও মনে হয়নি তাঁকে কেউ আউট করতে পারে। কিন্তু হঠাৎ কী হলো, হেরাথের বলে এগিয়ে মারতে গিয়ে হলেন স্টাম্পড। দিনের তখন আর ১০.৪ ওভার বাকি। জিম্বাবুয়ের ইনিংস এরপর টেকে ওভার তিনেক।
প্রথম ইনিংসে করেছেন অপরাজিত ১০২ রান, সঙ্গে উইকেটও নিয়েছেন ৪টি। ম্যাচের নায়ক ক্রেমারই। কিন্তু অধিনায়কের চোখ দিয়ে বিশ্লেষণ করলে এই টেস্টে জিম্বাবুয়ের হারের পেছনে খলনায়ক তিনি নিজেই! সূত্র: টেন টু।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ৫৩৭ ও ২৪৭/৬ ডি.। জিম্বাবুয়ে: ৩৭৩ ও ৯০.৩ ওভারে ১৮৬ (মায়োয়ো ৩৭, চারি ১০, মাসাকাদজা ২০, উইলিয়ামস ৪০, ক্রেমার ৪৩, মুম্বা ১০*; দিলরুয়ান ৩/৩৪, হেরাথ ৩/৩৮)।
ফল: শ্রীলঙ্কা ২২৫ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: গ্রায়েম ক্রেমার।