নায়ক হতে পারলেন না ইমরুল

শেখ জামালের ২৫২ রানের সংগ্রহটা খুব কঠিন মনে হচ্ছিল না ব্রাদার্সের জন্য; বিশেষ করে ইমরুল কায়েস আর তুষার ইমরান যখন ব্যাট করছিলেন। ইমরুল ৭০ রানের দারুণ একটি ইনিংস খেলেছেন, তুষার খেলেছেন ৫৫ রানের ইনিংস। এই দুই ব্যাটসম্যান দ্বিতীয় উইকেটে ১০০ রানের জুটি গড়ে শেখ জামালকে ভালোই চোখ রাঙাচ্ছিলেন। কিন্তু এই দুইয়ের বিদায়ের পরপরই যেন এলোমেলো ব্রাদার্সের ব্যাটিং। আর একজন ব্যাটসম্যানও ঠিকঠাক নিজের দায়িত্বটা শেষ করতে পারলেন না। ২৪১ রানে থেমে গিয়ে ১১ রানে হেরেছে পুরান ঢাকার ক্লাবটি।
মাহমুদউল্লাহর বলে আবদুর রহমানের দুর্দান্ত ক্যাচে পরিণত হয়ে ফেরেন ইমরুল কায়েস। ৭০ রানে তাঁর ফেরাটাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। ৯১ বলে ৫ চার আর ২ ছয়ে সাজানো তাঁর এই ইনিংসের পর দাঁড়াতে পারেননি আর কেউই। মিলিন্দ কুমার, জাকির হাসান, আরমান হোসেন, নূর আলমরা নিজেদের ইনিংসের ভিত গড়েছিলেন ঠিকই, কিন্তু সেগুলো বড় করতে পারেননি। ২০ রানে প্রথমেই ফিরেছিলেন শাহরিয়ার নাফীস।
৩টি করে উইকেট নিয়ে শেখ জামালকে জয়ের পথ দেখান মাহমুদউল্লাহ আর শফিউল ইসলাম। মাহমুদউল্লাহ অবশ্য দারুণ এক সেঞ্চুরিতে আগেই দলকে লড়াই করার মতো পুঁজি এনে দিয়েছিলেন। মাহমুদউল্লাহর পাশাপাশি মার্শাল আইয়ুবের ব্যাট থেকে আসে ৫৪।
এই জয়ে সুপার সিক্স যাত্রাকে আরও একটু নিরাপদ করল শেখ জামাল। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান লিগ তালিকার চতুর্থ স্থানে।