নায়ক হয়েই সন্দেহের আতশ কাচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ করার পর পরই বিলাল পেলেন দুঃসংবাদ। ছবি: এএফপি
জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ করার পর পরই বিলাল পেলেন দুঃসংবাদ। ছবি: এএফপি

হারারেতে গতকাল বল হাতে স্পিন-বিষে নীল করেছেন জিম্বাবুয়েকে। ২৫ রানে ৫ উইকেট। ওপেনিংয়ে নেমে ব্যাট হাতে ৩৮। বিলাল আসিফ একাই হারিয়ে দিলেন জিম্বাবুয়েকে। ম্যাচ তো বটেই, সিরিজও জিতেছে পাকিস্তান। ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই ম্যাচ সেরার পুরস্কার হাতে তোলার ২৪ ঘণ্টা পার না হতেই ধেয়ে এল দুঃসংবাদটি। বিলালের বোলিং অ্যাকশন নিয়ে উঠেছে প্রশ্ন।

এই জিম্বাবুয়ে সিরিজেই অভিষেক ৩০ বছর বয়সী পাকিস্তানি অলরাউন্ডারের। মাত্র দুই ওয়ানডের অভিজ্ঞতা। নিজের প্রথম ওয়ানডেতে বলার মতো কিছু না করলেও ঝলক দেখালেন গতকাল। ম্যাচ চলার সময়ই জিম্বাবুয়ের আম্পায়ার জেরেমিয়া মাতিবিরি ও শ্রীলঙ্কার রুচিরা পাল্লিয়াগুরুগে ইংলিশ ম্যাচ রেফারি ডেভিড জুকসের কাছে বিলালের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন। পরে ব্যাপারটি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয় পাকিস্তান টিম ম্যানেজমেন্টকেও। বিষয়টি নিশ্চিত করে পাকিস্তান দলের ম্যানেজার ইন্তিখাব আলম বললেন, ‘আসিফের কিছু ডেলিভারি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ম্যাচ অফিশিয়ালরা। একজন তরুণ খেলোয়াড়ের জন্য এটা হতাশার, যে কিনা মাত্রই আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে চেনাল।’

আইসিসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত পরীক্ষাগারে আগামী ১৪ দিনের মধ্যে পরীক্ষা দিতে হবে বিলালকে। কনুইয়ের বৈধ বাঁক ১৫ ডিগ্রির মধ্যে রাখতে পারলে এ দফা উতরে যাবেন। নইলে যেতে হবে সংশোধন প্রক্রিয়ায়।
গত বছর আইসিসির শুদ্ধি অভিযানের পর এ নিয়ে তিনজন পাকিস্তানি বোলার অবৈধ বোলিং অ্যাকশনে প্রশ্নবিদ্ধ হলেন। এর আগে সাঈদ আজমল ও মোহাম্মদ হাফিজের বোলিং নিষিদ্ধ হয়েছিল। তথ্যসূত্র: এএফপি, রয়টার্স।