নায়কও হতে পারতেন মোস্তাফিজ

প্রথম ৩ ওভার যে বোলিংটা করলেন, মুম্বাই ইন্ডিয়ানস জিতলে ম্যাচের নায়ক মোস্তাফিজুর রহমানকে বললে ভুল হতো না। কিন্তু ১৭তম ওভারে শর্ট থার্ডম্যানে যেভাবে ক্যাচ হাতছাড়া করলেন আর শেষ ওভারের প্রথম দুই বলে ১০ রান দিলেন, তাতেই যেন নায়ক হওয়ার সুযোগ হাতছাড়া হলো মোস্তাফিজের! বাঁহাতি পেসার অবশ্য তবু চেষ্টা করেছিলেন। শেষ ওভারে টানা তিন বলে ডট দিয়ে ম্যাচটা সুপার ওভারে নেওয়ার একটু সুযোগ তৈরি হয়েছিল। হলো না শেষ পর্যন্ত। শেষ বলেই ৭ উইকেটের জয় পেয়ে গেল দিল্লি ডেয়ার ডেভিলস। টানা তৃতীয়বারের মতো পরাজিত দলে নিজেকে আবিষ্কার করলেন মোস্তাফিজ। সব মিলিয়ে আজ ২৫ রান দিয়ে ১ উইকেট তাঁর।
দিল্লির দুর্দান্ত জয়ে যাঁর অবদান সবচেয়ে বেশি—জেসন রয়। ৫৩ বলে ইংলিশ ওপেনারের অপরাজিত ৯১ রানের সৌজন্যে মুম্বাইয়ের দেওয়া ১৯৫ রানের লক্ষ্য পেরিয়ে গিয়েছে দিল্লি। গৌতম গম্ভীরের সঙ্গে ওপেনিং জুটিতে ৫০, ঋষভ পন্তের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে ৬৯ আর আয়ারের সঙ্গে অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে ৬০—প্রতিটিতেই অন্য প্রান্তে ছিলেন রায়।
রয় যখন একাই ম্যাচ বের করে নিয়ে যাচ্ছেন, অনায়াসে জিতে যাচ্ছে দিল্লি; সে সময় দ্বিতীয় দফায় বল হাতে নিলেন মোস্তাফিজ। ১৮ ও ২০তম ওভার দুটি তাঁর জন্য রেখে দিয়েছিলেন অধিনায়ক রোহিত। ৭ উইকেট হাতে নিয়ে ১৮ বলে দিল্লির প্রয়োজন ২৪! এই ম্যাচে আর কিসের উত্তেজনা। কিন্তু নিজের তৃতীয় ওভারে ৭ রান দিয়ে অধিনায়কের আস্থার প্রতিদান দিলেন। ১২ বলে ১৬, তখনো আশা আছে মুম্বাইয়ের। বুমরা দিলেন মাত্র ৫ রান। শেষ ওভারে সমীকরণ দাঁড়াল ৬ বলে ১১। কে বল করবে তা নিয়ে যেন একটু মিনি-মিটিংও হয়ে গেল মুম্বাইয়ের মাঠে।
মোস্তাফিজই বল পেলেন। প্রথম দুই বলে চার-ছক্কা হজম করে খেলাটা শেষ করে তিনিই আবার আশা জাগালেন পরের তিন বলে টানা ডট দিয়ে। ১ বলে ১। আরেকটি ডট হলে ম্যাচ সুপার ওভারে। স্ট্রাইকিং প্রান্তে রয়। মোস্তাফিজের বলটা যে খারাপ হয়েছিল তা নয়। একস্ট্রা কাভারে রয় উড়িয়েও মারলেন। বল অনেকক্ষণ থাকল বাতাসে। কিন্তু ক্যাচ ধরার মতো কেউ ছিলেন না। সবাই যে এক রান বাঁচাতে ভেতরের বৃত্তে!
এ নিয়ে টানা তৃতীয়বার শেষ বলে ম্যাচ হারল মুম্বাই! এর মধ্যে দুবার শেষ ওভার করেছেন মোস্তাফিজ।