নায়কের পাশে নাসির

সিনেমায় এমন হয়। একজন নায়ক থাকেন, তাকে নিয়েই গল্প। বীরত্বগাথা হোক, কিংবা শেষ দৃশ্যের হাসি, সবই তার। কিন্তু পুরো সিনেমাতেই তার আশপাশে এমন দু-একটি চরিত্র থাকে, গল্পটা এগিয়ে নিয়ে যাওয়ায় তাদের বড় ভূমিকা থাকে। নায়কের বীরত্বে শেষ পর্যন্ত তারা হয়তো আড়ালে থেকে যান, থাকেন পার্শ্বনায়ক হয়ে। ক্রিকেটটাও এমন। নায়কের সঙ্গে এখানেও থাকেন পার্শ্বনায়ক। দিন শেষে বীরের মালা ওঠে নায়কের গলায়, কিন্তু আড়ালে থেকে যাওয়া দু-একজন ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে রাখেন বড় ভূমিকা। বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম দুটি ওয়ানডের কথাই ধরুন। প্রথম ম্যাচের নায়ক তো অবশ্যই মুস্তাফিজুর রহমান। কাল দ্বিতীয় ম্যাচেও বৃষ্টি আসার আগ পর্যন্ত যেটুকু খেলা হয়েছে তাতে বল হাতে মুস্তাফিজেরই বীরত্বগাথা। তবে প্রথম ম্যাচে শিখর ধাওয়ান আর বিরাট কোহলির উইকেট দুটি নিয়ে পার্শ্বনায়কের ভূমিকাটা ছিল তাসকিন আহমেদের। কাল মুস্তাফিজের পাশে সেই ভূমিকা থাকল ‘পারফর্মার অব দ্য ম্যাচ’ নাসির হোসেনের। কাকতালীয়ভাবে তাঁরও শিকার সেই কোহলি-ধাওয়ান।
গতকাল এই দুটি উইকেটসহ ৪৯ ম্যাচে ১১ উইকেট। বোঝাই যাচ্ছে অলরাউন্ডার হলেও বোলিংটা ঠিক নাসির হোসেনের বড় শক্তির জায়গা নয়। বরং নাসির নামটা শুনলে চোখের সামনে যে ছবিটা ভেসে ওঠে, সেটা ক্যারিয়ারের প্রথম কয়েক ম্যাচ পরই ‘দ্য ফিনিশার’ হিসেবে খ্যাতি পেয়ে যাওয়া এক ব্যাটসম্যানের।
তবে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি কিন্তু একটু অন্যভাবে দেখেন তাঁকে। ব্যাটিংয়ের পাশাপাশি নাসিরের বোলিংটাও যে দলের জন্য গুরুত্বপূর্ণ সেটা বোঝাতেই বিশ্বকাপের সময় মাশরাফি বলেছিলেন, ‘নাসির এ মুহূর্তে বাংলাদেশের সেরা অফ স্পিনার।’ বাজে ফর্মের কারণে বিশ্বকাপের আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দলে জায়গা হয়নি। অনিশ্চিত হয়ে পড়েছিল বিশ্বকাপ দলে থাকাটাও। সেই নাসির যে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে গেলেন, সেটির পেছনে ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে ভালো পারফরম্যান্সের বড় ভূমিকা তো ছিলই, বিবেচনায় ছিল তাঁর বোলিং সামর্থ্যও। বিশ্বকাপে স্কটল্যান্ড, নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে তিনটি ম্যাচ খেলেছেন। স্কটিশ আর কিউইদের বিপক্ষে দুটি করে উইকেটও পেয়েছেন, ভারতের বিপক্ষে ম্যাচটায় উইকেট না পেলেও ৯ ওভার বল করে রান দেন মাত্র ৩৫।
বল হাতে ভালো বিকল্প বলেই পাকিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডেতেও ৫-৭ ওভার করে বোলিং করেছেন। বল হাতে দেখে গেছে ভারতের বিপক্ষে এই সিরিজের প্রথম ম্যাচেও। আর কাল তো অধিনায়কের আস্থার প্রতিদান দিয়েছেন দারুণভাবেই। পুরো ১০ ওভার বল করে ভারতের বিশ্বখ্যাত ব্যাটিং লাইনআপের বিপক্ষে মাত্র ৩৩ রান। ক্যারিয়ারে এর আগে মাত্র একবারই ১০ ওভার বল করেছিলেন, সেটা ২০১৩ সালের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ফতুল্লায়। কাকতালীয়ভাবে ওই ম্যাচেও দিয়েছিলেন ৩৩ রান। উইকেট যদিও পাননি। ২০১১ সালের অক্টোবরে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ২ ওভার বোলিং করে ৩ রানে ২ উইকেট নিয়েছিলেন, এখন পর্যন্ত সেটিই ওয়ানডেতে তাঁর সেরা বোলিং। তবে গুরুত্ব বিবেচনা করলে পাওয়েল-পোলার্ডের ওই দুটি উইকেটের চেয়ে গতকালের কোহলি-ধাওয়ানের উইকেট দুটিকেই হয়তো একটু এগিয়ে রাখবেন নাসির। সঙ্গে রুবেলের বলে আম্বাতি রায়ডুর সেই ক্যাচটা তো আছেই। নাসির মানে তো আসলে একের মধ্যে তিন। ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি তিনি যে দারুণ ফিল্ডারও!