নিঃস্বার্থ ম্যাককালাম
টেস্টে সবচেয়ে বেশি ছক্কা! যে রেকর্ডে আক্রমণাত্মক ব্যাটিংয়ের শৌর্যের প্রকাশ। এত দিন যা ছিল একা অ্যাডাম গিলক্রিস্টের দখলে, গত পরশু সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম। ইতিহাসের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে করেছেন ছক্কার সেঞ্চুরি। চাইলে সেদিনই গিলক্রিস্টকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করতে পারতেন। তা না করে ডানেডিনে রেকর্ড ছুঁয়েই ইনিংস ঘোষণা করে দিয়েছেন কিউই অধিনায়ক! কেন? কারণ, কেউ যেন তাঁকে স্বার্থপর মনে না করে!
টেস্টের চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে দ্রুত রান তুলে ইনিংস ঘোষণা করতে চেয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক। ছোট্ট একটা ইনিংসই খেলেছেন—৬ বলে অপরাজিত ১৭। ছোট্ট ওই ঝড়ের মধ্যেই ছিল দুটি ছক্কা। এই দুই ছক্কাতেই হয়ে গেল ‘সেঞ্চুরি’। বসে গেলেন গিলক্রিস্টের পাশে। সঙ্গে সঙ্গেই ইনিংস ঘোষণা। অথচ হাতে ছিল অঢেল সময়, আরেকটা ছক্কা মারার চেষ্টা তো করতেই পারতেন। কেন করলেন না? কারণটি জানালেন ম্যাচ শেষে, ‘আমি সবাইকে বলেছিলাম ৪০০ রানের লিডই যথেষ্ট। লিড পেয়ে যাওয়ার পর শুধু নিজের রেকর্ডের জন্য ব্যাটিং করাটা স্বার্থপরের মতো হয়ে যেত।’
তবে ছক্কার রেকর্ডটি যে তাঁর কাছে আলাদা মূল্য পাচ্ছে, সেটিও বলেছেন অকপটে, ‘একমাত্র এই রেকর্ডটিকেই আমি মূল্য দিই। বেশ কিছুদিন ধরেই এটা আমার মাথায় ছিল, আমার পুরো ক্যারিয়ারের ব্যাটিং দেখলেই তা বুঝতে পারার কথা।’ একটু মজাও করলেন, ‘এটাই বোধ হয় একমাত্র রেকর্ড, যেটি কেন (উইলিয়ামসন) বা রস (টেলর) ভাঙতে পারবে না। সুতরাং রেকর্ডটি আমি ধরে রাখতে পারব বলেই আশা করছি।’ এএফপি।