নিউইয়র্কে নস্টালজিয়া

হোক না মাত্র কয়েকটি ঘণ্টার জন্য। নিউইয়র্কের সিটিফিল্ড স্টেডিয়াম পরশু রাতে কতজনের যে শৈশব আর কৈশোর ফিরিয়ে আনল! কত ক্রিকেটপ্রেমীকে ডুবিয়ে দিল নস্টালজিয়ায়! ব্যাট হাতে সেই টেন্ডুলকার-শেবাগ জুটি, রিকি পন্টিংয়ের সেই হুক-পুল, বল হাতে ওয়াসিম আকরামের সেই সুইং, শেন ওয়ার্নের ঘূর্ণি—নস্টালজিয়াই তো!
তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজটার নাম অল স্টারস ক্রিকেট, কিন্তু এটি যেন একই মাঠে ক্রিকেটপ্রেমীদের স্বপ্নের নায়কের মিলনমেলা। কারও শৈশবের নায়ক, কারও কৈশোর কিংবা তারুণ্যের। সেই মিলনমেলায় ব্যাটে-বলের লড়াইও হলো জমজমাট। টেন্ডুলকারের দল শচীনস ব্লাস্টার্সের হয়ে ব্যাটে ঝড় তুললেন শেবাগ। ওদিকে ওয়ার্নস ওয়ারিয়র্সের হয়ে এক প্রান্ত থেকে বোলিং শুরু করেছিলেন আকরাম, অন্য প্রান্তে ডোনাল্ড। ঝলক অবশ্য দেখালেন অধিনায়ক ওয়ার্ন নিজে। ৪ ওভার বল করে মাত্র ২০ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। উইকেট তিনটিও টেন্ডুলকার, ব্রায়ান লারা আর ভিভিএস লক্ষ্মণের।
শচীনস ব্লাস্টার্সের ছুড়ে দেওয়া ১৪১ রানের লক্ষ্যে খেলতে নেমে ওয়ার্নস ওয়ারিয়র্সের হয়ে ব্যাটিংয়ে ঝড় তুললেন রিকি পন্টিং আর কুমার সাঙ্গাকারা। ১৭ ওভার ২ বলেই তাই মাত্র ৪ উইকেট হারিয়ে জয়ও পেয়ে গেল ওয়ার্নের দল। বেসবল মাঠে ক্রিকেট দেখতে আসা ৩৩ হাজার দর্শকও ফিরলেন নস্টালজিয়ায় আচ্ছন্ন হয়েই।