নিউজিল্যান্ড দলকে 'গোট' বলল হেরাল্ড!

দুর্দান্ত খেলে ফাইনালে ওঠা। কিন্তু সেখানে একেবারে নাকানিচুবানি। সমর্থকদের মনে কিছুটা ক্ষোভ থাকতেই পারে। তাই বলে নিউজিল্যান্ড হেরাল্ড-এর মতো জনপ্রিয় একটি পত্রিকা ‘গোট’ বলবে সে দেশেরই ক্রিকেট দলকে? ‘গোট’ মানে তো ছাগল!
তবে এতে অবশ্য কিউই ভক্তদের ক্ষুব্ধ হওয়ার কিছু নেই। বিচলিত হওয়ার কোনো কারণ নেই নিউজিল্যান্ড দলেরও। কারণ ম্যাচ শেষে প্রকাশ হওয়া অ্যান্ড্রু অ্যালডারসনের সেই লেখাটিতে খেলোয়াড়দের স্তুতি বর্ষণই হয়েছে। বলতে পারেন, তাই বলে ‘ছাগল’ বলার মাধ্যমে প্রশংসা? আসলে ‘সর্বকালের সেরা’ বা ইংরেজিতে ‘গ্রেটেস্ট অব অল টাইম’ শব্দগুলোর আদ্য বর্ণ দিয়ে তৈরি হয়েছে এই ‘গোট’ শব্দটি। অ্যালডারসন তাঁর লেখায় ম্যাককালামের বর্তমান দলটিকে বলেছেন, ‘এই দলটি আমাদের “গোট”, সর্বকালের সেরা।’ এমন খেতাব এই দল পেতেই পারে। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেলে এসেছে এই দলটি। ফাইনালের আগ পর্যন্ত পরাজয়ের মুখ দেখতে হয়নি একটি বারের জন্যও। চ্যাম্পিয়ন হতে না পারলেও তাই অখুশি নন সমর্থকেরা।
বিভিন্ন সূত্র থেকে জানা যায় যে গতকাল ফাইনাল চলার সময় নিউজিল্যান্ডের রেস্তোরাঁ-ক্যাফে গুলোতে বড় পর্দায় খেলা দেখতে ভিড় জমেছিল সমর্থকদের। রেস্তোরাঁগুলোতে বাড়ানো হয়েছিল কর্মীর সংখ্যা। তবে নিউজিল্যান্ডের দুর্দশা বুঝতে পেরে প্রত্যাশিত সময়ের বেশ আগে থেকেই ভিড় পাতলা হয়ে যেতে থাকে সেসব জায়গায়। খানিকটা আশা ভঙ্গের বেদনা নিয়ে ঘরে ফিরতে শুরু করেন সমর্থকেরা। তবে আশাভঙ্গ হলেও কিউই দলের প্রতি ক্ষোভ নেই কারও। একজন সমর্থক বলেন, ‘আমি মোটেও খুশি নই। বরং একজন কিউই হিসেবে আমি গর্বিত। পুরো আসরে আমরা দারুণ খেলেছি। আজ আমরা জিততে পারিনি, কিন্তু এটাই আমাদের শেষ নয়।’ আরেকজন শখের ক্রিকেট-দর্শক বলেছেন, ‘আমি ক্রিকেটের নিয়মিত দর্শক নই। তবে আমার দলের সব খেলাই আমি দেখেছি। দুর্দান্ত খেলেছে আমার দল। আমি চাইব তারা যেন হতাশাগ্রস্ত না হয়।’ ঘুরিয়ে ফিরিয়ে একই রকম কথা প্রায় সকল কিউই সমর্থকদের মুখেই। দলের পরাজয়ে তারা ব্যথিত, কিন্তু ক্ষুব্ধ নয়। এবং তাদের চোখে এই দলটিই ‘সর্বকালের সেরা’ কিউই দল।
তবে গ্রেটেস্ট অব অল টাইম’ বা ‘গোট’ লিখে অ্যালডারসন এক ঢিলে দুই পাখি মেরেছেন কিনা কে জানে। প্রশংসা করা হলো, আবার প্রশংসার ছলে একটু খোঁচা মারাও গেল! তথ্যসূত্র: এএফপি