নিরাপত্তাগত কারণে বাংলাদেশে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ইংল্যান্ড ও নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াকে অনুসরণ করে বাংলাদেশে ২৭ জানুয়ারি থেকে শুরু অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট থেকে সরে দাঁড়ায় কি না তা নিয়ে শঙ্কা ছিলই।
তবে গতকাল একটা সুখবরই পাওয়া গেছে, অস্ট্রেলিয়ার প্রতিবেশী নিউজিল্যান্ড বাংলাদেশের নিরাপত্তা নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছে। টুর্নামেন্টে খেলতে গতকালই দেশ ছেড়েছে নিউজিল্যান্ড যুবদল। বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দুবাইয়ে দিন কয়েক অনুশীলন করবে কিউইরা।
নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বাংলাদেশের নিরাপত্তাব্যবস্থা নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন, ‘আইসিসি ও আমাদের নিজস্ব নিরাপত্তা-বিশেষজ্ঞরা একসঙ্গে কাজ করছে। আমাদের নিজস্ব নিরাপত্তা দলও সফরে দলের সঙ্গে থাকছে। এখন পর্যন্ত নিরাপত্তাব্যবস্থায় আমরা সন্তুষ্ট।’
‘ডি’ গ্রুপে অস্ট্রেলিয়ার সঙ্গেই ছিল নিউজিল্যান্ড। টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানো অস্ট্রেলিয়ার পরিবর্তে আয়ারল্যান্ড হয়তো এই গ্রুপে আসছে। আয়ারল্যান্ড সুযোগ পেয়ে খুশি, তবে অংশগ্রহণের ব্যাপারে আজই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা আইরিশদের। নিরাপত্তা পরিস্থিতির চেয়েও আইরিশরা বেশি চিন্তিত এত কম সময়ে সবকিছু গুছিয়ে বাংলাদেশে আসতে পারবে কি না সেটি নিয়ে।
এদিকে নাম প্রত্যাহার করায় পাকিস্তান সমালোচনা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ)। অস্ট্রেলিয়া ক্রিকেট-বিশ্বে ‘নৈরাজ্যকর’ পরিস্থিতি তৈরি করছে বলে মন্তব্য করেছে পিসিবি। পিসিবি-প্রধান শাহরিয়ার খান বলেছেন, ‘এ রকম বড় একটা সিদ্ধান্ত নেওয়ার কোনো যৌক্তিক কারণ খুঁজে পাচ্ছি না।’তিনি মনে করেন প্রতিযোগীদের আইসিসির নিরাপত্তা মূল্যায়নের ওপর আস্থা থাকা উচিত। শুধু বলার জন্য বলা নয়, বিষয়টি নিয়ে রীতিমতো ‘যুদ্ধে’ নামছেন শাহরিয়ার। আইসিসির আগামী বৈঠকে বিষয়টি তুলবেন বলেও জানিয়ে দাবি করেছেন, এমন সিদ্ধান্ত নেওয়ায় অস্ট্রেলিয়ার জরিমানা করা উচিত।
অস্ট্রেলিয়ার পরপর দুটি সফর বাতিল করার বিষয়টি বাংলাদেশও আইসিসিতে তুলবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহসভাপতি মাহবুবুল আনামও। ক্রিকইনফো, নিউজিল্যান্ড স্টাফ, এএফপি।