নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে বাইরে থেকে কোনো চাপ পাচ্ছে না আফগানিস্তান

এখনও আশায় আফগানরাছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রুপ ২–এর মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আজ বিকেল চারটায় মুখোমুখি হবে আফগানিস্তান ও নিউজিল্যান্ড। এই ম্যাচের মাধ্যমেই নির্ধারিত হয়ে যাবে পাকিস্তানের সঙ্গে এই গ্রুপ থেকে কে যাচ্ছে সেমিফাইনালে, নিউজিল্যান্ড নাকি ভারত।


কাগজে-কলমে এখনো আফগানিস্তানের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা থাকলেও, বাস্তবে নেই বললেই চলে। কারণ, ভারত স্কটল্যান্ডের বিপক্ষে ১২.৩ ওভার হাতে রেখে জিতে যাওয়ায় তাদের রানরেট এখন আফগানদের চেয়ে অনেক বেশি। ভারতকে টপকে যেতে হলে আজ আফগানদের শুধু জিতলেই হবে না, জিততে হবে বিশাল ব্যবধানে। এর সঙ্গে নামিবিয়ার বিপক্ষে ভারতকে হারতে হবে অথবা কম ব্যবধানে জিততে হবে।

আজ জিতবে আফগানিস্তান?
ছবি: এএফপি

ফলে আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচটি ভারতের জন্যও নকআউট ম্যাচ। গোটা ক্রিকেট বিশ্বেরই চোখ থাকবে এই ম্যাচের দিকে। তবে কাগজে–কলমে যেহেতু এখনো সম্ভাবনা আছে, তাই আগেই হাল ছেড়ে দিচ্ছে না আফগানিস্তান। এমনটাই জানালেন দলটির মিডিয়া ম্যানেজার আবদুল্লাহ খান পাখতানি।


পাখতানি জানান, এই ম্যাচ নিয়ে তাঁদের ওপর কোনো বাড়তি চাপ নেই। আর দশটা ম্যাচের মতোই এই ম্যাচ খেলতে নামবেন তাঁরা, ‘না, আমাদের ওপর কোনো চাপ নেই। আমরা অন্য ম্যাচগুলোর আগে যেভাবে প্রস্তুতি নিই, এই ম্যাচের আগেও সেভাবেই প্রস্তুতি নিয়েছি এবং আমরা পরিস্থিতি অনুযায়ী আমাদের পরিকল্পনা তৈরি করব। আমাদের ওপর কোনো বাড়তি চাপ নেই। কারণ, আমরা আমাদের চাহিদা এবং প্রয়োজন অনুযায়ী খেলি। দলের জন্য যা ভালো হয়, আমরা সেভাবেই খেলব।’

সেমিতে উঠতে পারবে আফগানরা?
ছবি: এএফপি

আফগানিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান হাসমতউল্লাহ শহিদী বলেন, অন্য কারোর চাওয়া–পাওয়ার প্রতি তাঁদের কোনো আগ্রহ নেই। সেমিফাইনালে যাওয়ার দৃঢ় প্রত্যয় ফুটে উঠল তাঁর কথায়, ‘আমরা শুধু আমাদের দলের প্রতি মনোযোগ দিচ্ছি। আমাদের একমাত্র উদ্দেশ্য সেমিফাইনাল খেলা এবং এ জন্য আমরা আমাদের সেরাটা দিতে প্রস্তুত।’

এ সময় দলের স্পিনারদের ভূয়সী প্রশংসা করেন শহিদী, ‘আমাদের স্পিনাররা খুবই ভালো, বিশেষ করে এই কন্ডিশনে। আমরা এখানে অনেক ম্যাচ খেলেছি, যা আমাদের এখন অনেক সুবিধা দিচ্ছে। কিন্তু বড় দলের বিপরীতে আমাদের আরেকটু ভালো ব্যাটিং করতে হবে। এই দায়িত্ব ব্যাটসম্যানদেরই নিতে হবে এবং ভালো খেলতে হবে।’