নিউজিল্যান্ড সিরিজের আগে ‘অদৃশ্য বলয়ে’ বাংলাদেশের ক্রিকেটাররা

নিউজিল্যান্ড সিরিজের আগে অনুশীলনে শামীম হোসেন, লিটন দাস, মুশফিকুর রহিমছবি : শামসুল হক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তাড়াতাড়ি আউট করেন ভাই, অনেক দিন পর বাসায় যাব।’

অস্ট্রেলিয়া সিরিজের শেষ ম্যাচে সাকিব আল হাসানের উদ্দেশে বলা নুরুল হাসানের কথাটা ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। কোনো স্লেজিং নয়, এ কথা দিয়ে যেন প্রকাশ পেয়েছিল করোনাকালে ক্রিকেটারদের কঠিন জীবনের কথাই!

এক জৈব সুরক্ষাবলয় থেকে আরেকটি—করোনার এ সময়ে ক্রিকেটারদের জীবন কাটছে এভাবেই। কেবল আন্তর্জাতিক সিরিজ নয়, ক্রিকেট থেকেই অনির্দিষ্টকালের বিরতি নেওয়ার ঘটনাও ঘটছে এ সময়ে। জৈব সুরক্ষাবলয় থেকে একটু ‘জীবন’ ফিরে পেতেই অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে সরে গেছেন বেন স্টোকসের মতো ক্রিকেটার।

জিম্বাবুয়ে সফর থেকে শুরু, এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে দেশের মাটিতে টি–টোয়েন্টি সিরিজ, প্রায় টানাই জৈব সুরক্ষাবলয়ে ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। এ মুহূর্তে ‘বিরতি’ চললেও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ সামনে রেখে ‘অদৃশ্য বলয়ে’ থাকতে হচ্ছে তাঁদের। অন্তত ক্রিকেটারদের প্রতি বিসিবির নির্দেশ তেমনটিই।

শামীম হোসেন ও মুশফিকুর রহিম
প্রথম আলো

২৪ তারিখ নিউজিল্যান্ড আসবে। ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে সিরিজ। এর মধ্যে সাকিব আল হাসান পরিবারের সঙ্গে সময় কাটাতে গেছেন যুক্তরাষ্ট্রে। অস্ট্রেলিয়া সিরিজে থাকা বেশির ভাগ খেলোয়াড়ই ছুটি কাটাচ্ছেন বা ছুটি কাটিয়ে ফিরেছেন ঐচ্ছিক অনুশীলনে। কোয়ারেন্টিন জটিলতায় অস্ট্রেলিয়া সিরিজে না থাকা মুশফিকুর রহিম ও লিটন দাসের সঙ্গে আজ মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনে এসেছিলেন সৌম্য সরকার, শামীম হোসেন, ইবাদত হোসেনরা।

তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জৈব সুরক্ষাবলয়ে ঢোকার আগেই ক্রিকেটারদের সতর্ক থাকতে বলেছে বিসিবি। আজ সাংবাদিকদের বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘আমাদের খেলোয়াড়দের নিয়ে বিসিবির মেডিকেল ও ক্রিকেট পরিচালনা বিভাগ কাজ করছে। সংশ্লিষ্ট অন্যান্য বিভাগও কাজ করছে। এরই মাঝে তাদের বলে দেওয়া হয়েছে, কী কী বিষয় মেনে চলবে।’

পরিবারের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্র গেছেন সাকিব
ফাইল ছবি: প্রথম আলো

বাংলাদেশে বেশ কিছুদিন কঠোর বিধিনিষেধ চলার পর সম্প্রতি শিথিল করা হয়েছে। তবে ক্রিকেটারদের চলাফেরার ব্যাপারে সতর্কই থাকতে বলেছে বিসিবি, ‘ক্রিকেটারদের চলাফেরা সীমাবদ্ধ রাখতে বলা হয়েছে। পরিবারের মাঝেই থাকার জন্য অনুরোধ করা হয়েছে এবং জনসমাগমে যাওয়ার ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে।’

সফরকারী নিউজিল্যান্ড দলের ব্যাপারেও অস্ট্রেলিয়ার মতোই সতর্ক থাকতে চায় বিসিবি, ‘ব্যবস্থাপনার দিক থেকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড দুই দলই প্রায় একই ঘরানার। তাই তাদের চাহিদা হলো, অস্ট্রেলিয়াকে যে ধরনের জৈব সুরক্ষাবলয়ের পরিবেশ দেওয়া হয়েছিল, তাদেরও যেন সে ধরনেরই দেওয়া হয়। আমরাও চেষ্টা করছি একই রকমের জৈব সুরক্ষাবলয়ের পরিবেশ রাখার। শুধু অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড দলেরই না, আমাদের দলের ক্ষেত্রেও নিরাপদ থাকার ব্যাপার রয়েছে। সবকিছু বিবেচনা করে যতটুকু ভালো সম্ভব, সম্পূর্ণ জৈব সুরক্ষাবলয় তৈরি করে সিরিজ আয়োজন করব।’

করোনাভাইরাসের সময়ে এটি হবে বিসিবির আয়োজন করা চতুর্থ হোম সিরিজ। অস্ট্রেলিয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হয়েছিল বাংলাদেশের।