নিউজিল্যান্ডকে 'নয়ে' থামিয়ে মরগানদের 'দশ'

>• দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে জিতেছে ইংল্যান্ড।
• রান তাড়া করতে নেমে এটা ইংল্যান্ডের টানা দশম জয়।
• ওয়ানডেতে টানা নয় ম্যাচ জয়ের পর হারল নিউজিল্যান্ড।
ব্রিস্টলে গত বছরের সেপ্টেম্বরে এক পানশালায় মারামারি করে ইংল্যান্ড ওয়ানডে দলের বাইরে চলে গিয়েছিলেন বেন স্টোকস। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে দলে ফিরেই নিজেকে নতুন করে চেনাচ্ছেন এ অলরাউন্ডার। প্রথম ওয়ানডেতে ইংল্যান্ড হারলেও ২ উইকেট নিয়েছিলেন তিনি। কিন্তু আজ মাউন্ট মঙ্গানুইয়ে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের ৬ উইকেটের জয়ে ব্যাটে-বলে দারুণ অবদান স্টোকসের।
টস জিতে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ডের ইনিংস ৪৯.৪ ওভারে ২২৩ রানেই গুটিয়ে গিয়েছিল। মার্টিন গাপটিল শুরুতে ৫০ রানের ইনিংস খেললেও মিডল অর্ডার দাঁড়াতে পারেনি। শেষ দিকে ৬৩ রানে অপরাজিত ছিলেন মিচেল স্যান্টনার। ২ উইকেট নেওয়ার সঙ্গে দুটি রানআউটেও দারুণ ভূমিকা রাখা স্টোকস ব্যাট হাতেও জয় এনে দেন ইংল্যান্ডকে।
সাদামাটা স্কোর তাড়া করতে নেমে ৮৬ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে ছিল এউইন মরগানের দল। চতুর্থ উইকেটে মরগানের সঙ্গে ৮৮ রানের জুটি গড়ার পর পঞ্চম উইকেটে জস বাটলারের সঙ্গে অবিচ্ছিন্ন ৫১ রানের জুটিতে দলকে জয় এনে দেন স্টোকস। ম্যাচের বাকি তখনো ৭৩ বল। ৭৪ বলে ৬৩ রানে অপরাজিত ছিলেন ম্যাচসেরা এ অলরাউন্ডার। এ জয়ে পাঁচ ম্যাচের সিরিজে সমতা আনার পাশাপাশি নিজেদের গড়া এক কীর্তিও ছুঁয়ে ফেলল ইংল্যান্ড।
২০০৩-০৪ মৌসুমে ওয়ানডেতে রান তাড়া করে টানা ১০ ম্যাচ জিতেছিল ইংল্যান্ড। এ সংস্করণে এটাই তাঁদের রান তাড়া করে টানা সর্বোচ্চসংখ্যক ম্যাচ জয়ের রেকর্ড। নিউজিল্যান্ডকে হারিয়ে পূর্বসূরিদের সেই কীর্তি ছুঁয়ে ফেলল মরগানের দল। রান তাড়া করতে নেমে এটা ছিল ইংল্যান্ডের টানা দশম জয়, সেটাও আবার নিউজিল্যান্ডের জয়রথ থামিয়ে!
গত বছরের মার্চে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে দ্বিতীয় ম্যাচে রান তাড়া করে ৪ উইকেটে জিতেছিল ইংল্যান্ড। এরপর লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে টানা নয় ম্যাচ জিতল তাঁরা। অন্যদিকে ওয়ানডে টানা নয় ম্যাচ জিতে দুর্দান্ত ফর্মে নিউজিল্যান্ড। তাঁদের ‘নয়ে’ থামিয়ে ‘দশ’ ছুঁলেন মরগানরা।