নিউজিল্যান্ডকে 'বাংলাদেশ' বানিয়ে দিল অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
ওয়ার্নারের ঝোড়ো শুরুতেই বিশ্ব রেকর্ডের ভিত্তি পেয়েছে অস্ট্রেলিয়া। ছবি: এএফপি
ওয়ার্নারের ঝোড়ো শুরুতেই বিশ্ব রেকর্ডের ভিত্তি পেয়েছে অস্ট্রেলিয়া। ছবি: এএফপি
• রান তাড়া করার বিশ্ব রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া।
• ২৪৩ তাড়া করতে মাত্র ১৮.৫ ওভার দরকার হয়েছে।

ইডেন পার্কের বাউন্ডারিটা যে খুব একটা বড় নয়, সেটা সবাই জানেন। তাই বলে টি-টোয়েন্টিতে ২৪৩ রান তাড়া করাটা নিশ্চয় সহজ কাজ নয়। কিন্তু কী অবলীলায় না কাজটা করল অস্ট্রেলিয়া। সেটাও ৭ বল হাতে রেখে। রান তাড়া করার বিশ্ব রেকর্ড গড়তে ৭টা বল খেলা লাগেনি অস্ট্রেলিয়ার! গতকালই প্রায় এমন একটা ম্যাচ দেখা গেল। বাংলাদেশের দেওয়া ১৯৩ রান ২০ বল হাতে রেখে জিতেছে শ্রীলঙ্কা।

এ ধরনের ম্যাচের শেষে পরাজিত অধিনায়কের মুখে শোনা যায়, আজ ২০টা রান কম হয়েছে। কেন উইলিয়ামসন অবশ্য বলতেই পারেন ৩০-৪০টা রান কম হয়ে গেল! ২৪৩ রানও যে কম মনে হচ্ছিল আজ। মার্টিন গাপটিল ও কলিন মানরোর ঝোড়ো শুরুর পর টি-টোয়েন্টির বিশ্ব রেকর্ডের আশাও জেগেছিল। উদ্বোধনী জুটির বিশ্ব রেকর্ডটা অবশ্য শেষ পর্যন্ত নিরাপদেই থাকল। দলকে ১৩২ রানে রেখে ফিরে গেছেন মানরো। তখনো ইনিংসের ১১তম ওভার চলছে। ৩৩ বলে ৭৬ রান করা চার-ছক্কার মধ্যে কোনো বৈষম্য রাখেননি। ৬টি করে চার ছক্কা মেরেছেন মানরো।

১২ ওভারেই দেড় শ করে ফেলেছিল নিউজিল্যান্ড। মানরো চতুর্থ সেঞ্চুরিটা না পেলেও দ্বিতীয় সেঞ্চুরিটা ঠিকই আদায় করে নিয়েছেন মার্টিন গাপটিল। ৫৪ বলে ১০৫ রান করার পথে ৯টা ছক্কার সঙ্গে ৬টা চারও মেরেছেন গাপটিল। কিন্তু ১৭তম ওভারে গাপটিল আউট হতেই পথ হারিয়েছে দল। এই ওপেনার আউট হওয়ার পরও ২০ বল বাকি ছিল নিউজিল্যান্ড ইনিংসে। কিন্তু স্লগ ওভারের ওই সময়টায়ও মাত্র ৩১ রান তুলেছে স্বাগতিক দল।

তারা করতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা হয়েছে আরও ভয়ংকর। ৪ ওভারেই ৫০ তুলেছেন ওয়ার্নার ও শর্ট। ৭.১ ওভারেই ১০০ রান! ২০ বলে ফিফটি তুলে ফেললেন ওয়ার্নার। ২৪ বলে ৫৯ রান করে দলীয় ১২১ রানে ফিরেছেন ওয়ার্নার।

ওয়ার্নার ফিরলেও ঝড় থামেনি। কখনো ক্রিস লিন (১৮), কখনো বা গ্লেন ম্যাক্সওয়েল (১৪ বলে ৩১) কাজটা এগিয়ে নিয়েছেন। অন্য প্রান্ত সামলেছেন ডি’ আর্চি শর্ট। ঠুকঠুক করে নয়, ৪৪ বলে ৭৬ রান করে। ১৭তম ওভারে ওপেনিংয়ে নামা শর্ট ফিরতে বাকি দায়িত্ব বুঝে নিয়েছেন দলের নিয়মিত ওপেনার অ্যারন ফিঞ্চ। ১৪ বলে ৩ ছক্কা, ৩ চারে ৩৬ রান করে দলের জয় নিশ্চিত করে ফিরেছেন। এর মধ্যে শেষ ছক্কাটাই দলের রানটা ২৩৯ থেকে ২৪৫-এ নিয়ে গেছে।