
এবি ডি ভিলিয়ার্স ঠিক কথাই বলেছে। গত মঙ্গলবার ম্যাচ হারার পর ও বলেছিল, পরদিন সূর্য ঠিকই উঠবে। পৃথিবী চলবে তার আপন গতিতে। খেলার ফল আমাদের মেনে নিতে হবে এবং আমরা সেটাই করেছি। খেলাধুলায় জিতবে এক পক্ষ, হারতেও হবে এক পক্ষকে। সব সময় তো আর জেতা যায় না।
শেষ ওভারে ১২ রান আটকাব বলে ভেবেছিলাম আমি এবং আমার মনে হয় না ভাবনাটা খুব ভুল ছিল। ওই ম্যাচে এমন এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যেগুলো ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারলে শেষ ওভারের অনেক আগেই হয়তো খেলা শেষ হয়ে যেত। যদিও শেষ ছয়টি বলকেই মানুষ সম্ভবত বেশি মনে রাখবে।
সব ভিলেনের সামনেই একজন নায়ক থাকে। আমিও যেমন অভিনন্দন জানাচ্ছি গ্রান্ট এলিয়টকে। দারুণ এক ক্রিকেটার, অসাধারণ একজন মানুষও। ৪০ হাজার দর্শকের সামনে শেষ ওভারে ছক্কা মেরে ওরা বিশ্বকাপের ফাইনালে চলে যাবে, আমার মনে হয় না খুব বেশি মানুষ তা ভেবেছিল। কিন্তু ও সেটাই করে দেখাল। দর্শকদের উল্লাসধ্বনিতে তখন কানে তালা লেগে যাওয়ার মতো অবস্থা। তার মধ্যেও এলিয়ট আমার দিকে এগিয়ে এল। ওই মুহূর্তটার প্রশংসা না করে পারছি না।
ম্যাচ শেষে অনেকটা সময় নীরব ছিল আমাদের ড্রেসিংরুম। তবে মনে হচ্ছিল আমাদের চেষ্টা এবং দলের প্রতি দায়বদ্ধতার জন্য যে আমরা গর্ববোধ করতে পারি, সেটা সবাইকে মনে করিয়ে দেওয়া দরকার। শুধু সেমিফাইনালে নয়, পুরো টুর্নামেন্টেই আমরা ওভাবে খেলেছি।
ভুল দুই দলই করেছে। তবে ম্যাচ শেষে জয়ী দলের ভুলগুলো চলে যায় আড়ালে। পরাজিত দলের ভুল নিয়ে বারবার আলোচনা-সমালোচনা হবে, এটাই নিয়ম। এটা ঠিক যে বৃষ্টি ম্যাচে সমস্যা করেছিল। তাই বলে এটা বলার উপায় নেই যে বৃষ্টি না হলে সেমিফাইনালে আমরাই জিততাম। তবে নিউজিল্যান্ডকে যে তখন আরও বেশি প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়তে হতো, তাতে কোনো সন্দেহ নেই। ব্রেন্ডন ম্যাককালাম তো বলেছেই, ওটা তাদের ‘বাঁচিয়ে দিয়েছে’। আমি অতটুকু বলব না। তবে আমাদের চোখ ছিল ৩৫০ রানে এবং সেই রান তাড়া করা হতো অনেক বেশি কঠিন।
নিউজিল্যান্ডকে ফাইনালের জন্য শুভকামনা। দারুণ সাহসী ক্রিকেট খেলেছে দলটি। ফাইনালে তাদের মানায়। কি অধিনায়কত্ব, কি ব্যাটিং—ম্যাককালাম সব দিক দিয়েই দারুণ নেতৃত্ব দিল। আর ড্যানিয়েল ভেট্টোরি তো অনেক বছর ধরেই ক্রিকেটের মহাতারকা। তাঁকে সম্মান জানানোর এটাই সেরা মঞ্চ। (গেমপ্ল্যান)