নিউজিল্যান্ডে রোজের 'নরকযন্ত্রণা!'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ডে গিয়েছিলেন তিনি ২০১১ সালে, একটি বিশ্ববিদ্যালয় ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে। কিন্তু সেই যাত্রাই যে শেষ পর্যন্ত নরকযন্ত্রণায় পরিণত হবে, সেটা ভাবতেও পারেননি সাবেক ক্যারিবীয় পেসার ফ্রাঙ্কলিন রোজ।
ক্রিকেট খেলতে গিয়েই ভালো লেগেছিল দেশটা। ভেবেছিলেন পরিবার-পরিজন নিয়ে কাটিয়ে দেবেন সেখানেই। কিন্তু সেটা আর হয়নি। প্রথমে দুর্বৃত্তদের হামলার শিকার হলেন, এরপর কারাভোগ, সবশেষে ফিরে আসতে হলো দেশে। দুর্বিষহ এই সময়টা পেরিয়ে এসে তাঁর উপলব্ধি, কালোদের জন্য মোটেও নিরাপদ নয় নিউজিল্যান্ড নামের দেশটি।
রোজ বলছেন, ২০১২ সালে তাঁর ওপর যে হামলাটি হয়েছিল, সেটা ছিল বর্ণবাদী হামলা। সেই হামলার পর তাঁর ফুসফুসে রক্ত জমাট বাঁধায় চিকিৎসকেরা তাঁর বিমানভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। সেই নিষেধজ্ঞার কারণেই ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও তাঁকে একরকম বাধ্য হয়েই নিউজিল্যান্ডে থাকতে হয়েছে। তবে সেই থাকাটা তাঁর কাছে ছিল ‘নরকযন্ত্রণা’।
এক সাক্ষাৎকারে ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই ফাস্ট বোলার বর্ণনা করেছেন তাঁর অভিজ্ঞতা, ‘পুলিশ আমার কাছে জানতে চেয়েছিল আমি মাদক ব্যবসা কিংবা অপরাধী চক্রের সঙ্গে জড়িত কি না। এমন প্রশ্ন আমার জন্য খুবই হতাশার ছিল। আমি তাদের কাছে জানতে চেয়েছিলাম, আপনারা কি মনে করেন শুধু কালো মানুষেরাই এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত! আমাকে জেলে সাত সপ্তাহ আটকে রাখা হয়েছিল।’ এএফপি।