নিউজিল্যান্ডের অপেক্ষা ১২৬ রানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ল্যাথামকে ফেরানোর পর মিরাজের এই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। ছবি: বিসিবি।
ল্যাথামকে ফেরানোর পর মিরাজের এই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। ছবি: বিসিবি।

ইতিহাসই তাহলে গড়তে যাচ্ছে বাংলাদেশ? টেস্টের প্রথম ইনিংসে ৫৯৫ রান বা এর বেশি ম্যাচ হারার কোনো রেকর্ড নেই। পঞ্চম দিনের চা-বিরতি পর্যন্ত ম্যাচের যা অবস্থা তাতে, সে রেকর্ড ভেঙে যাবে আজ। ওয়েলিংটন টেস্ট জিততে নিউজিল্যান্ডের দরকার আর মাত্র ১২৬ রান, হাতে আছে আরও ৮ উইকেট।

ব্যাটসম্যানদের ব্যর্থতা ও দুর্ভাগ্য মিলিয়ে ১৬০ রানেই থেমেছে বাংলাদেশ। সাব্বির রহমানের ৫০ ও চোট নিয়েও ব্যাট করতে নামা ইমরুল কায়েসের অপরাজিত ৩৬ রানের ইনিংসগুলো না থাকলে, সংগ্রহটা আরও ছোট হতো বাংলাদেশের। মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়ার আগে অধিনায়ক মুশফিকুর রহিম করেছেন ১৩ রান। ফলে ওয়েলিংটন টেস্টে হারের মুখ পড়েছে বাংলাদেশ। টেস্টে প্রথম ইনিংসে সবচেয়ে বেশি রান করে হারের রেকর্ডটি ১২২ বছরের পুরোনো। ১৮৯৪ সালে সিডনিতে ইংল্যান্ডের বিপক্ষে ৫৮৬ রান করেও হেরেছিল অস্ট্রেলিয়া।

২১৭ রানের লক্ষ্যে নেমে ইনিংসের প্রথম বলেই চার মেরেছেন টম ল্যাথাম। তবে দুই ওপেনারকেই ফিরিয়ে আশা জাগিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ৩২ রানে ল্যাথামের ক্যাচটা নিজেই ধরেছেন। জিত রাভালও বোল্ড হয়েছেন মিরাজের বলে। কিন্তু বাংলাদেশের ম্যাচের ফেরার আশা দুরাশায় রূপ দিয়েছেন কেন উইলিয়ামসন ও রস টেলর। ৪৬ বলের জুটিতে ৫২ রান তুলেছেন নিউজিল্যান্ডের সেরা দুই ব্যাটসম্যান। শেষ সেশনটা তাই লক্ষ্য থেকে মাত্র ১২৬ রান দূরে থেকেই শুরু করতে পারছে স্বাগতিক দল।