নিউজিল্যান্ডের আধিপত্য চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয় ইনিংসে দারুণ ৯২ রানে অবিচ্ছিন্ন লাথাম-উইলিয়ামসন জুটি। ছবি: এএফপি।
দ্বিতীয় ইনিংসে দারুণ ৯২ রানে অবিচ্ছিন্ন লাথাম-উইলিয়ামসন জুটি। ছবি: এএফপি।

৪ উইকেটে ১৯৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল শ্রীলঙ্কা। কিন্তু তৃতীয় দিনে বাকি ৬ উইকেট নিয়ে কিন্তু নিজেদের সংগ্রহকে কিউইদের ধারেকাছেও নিতে পারেনি লঙ্কানরা। মাত্র ৯৭ রান স্কোরবোর্ডে জমা করেই শ্রীলঙ্কা হারিয়েছে বাকি ৬ উইকেট। ডানেডিনে শ্রীলঙ্কাকে ২৯৪ রানে অলআউট করে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে এগিয়ে ছিল ১৩৭ রানে।

ম্যাককালাম-বাহিনীর দ্বিতীয় ইনিংসটাও মন্দ হচ্ছে না। তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে ৪৮ ওভার ব্যাট করে নিজেদের অগ্রগামিতা ৩০৮ রানে নিয়ে গেছে তারা। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংস নিউজিল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ১৭১। ২০০৯ সালের পর এই প্রথম কোনো টেস্টের দ্বিতীয় ইনিংসেও উদ্বোধনী জুটিতে অর্ধশত এসেছে নিউজিল্যান্ডের। এই ইনিংসে অবশ্য দুর্দান্ত খেলছেন টম লাথাম। অপরাজিত আছেন ৭২ রানে। আগের ইনিংসের সেঞ্চুরিয়ান মার্টিন গাপটিল ৪৬ রান করে বোল্ড হয়েছেন রঙ্গনা হেরাথের বলে। তবে দিন শেষে লাথামের যোগ্য সঙ্গী হয়ে ৪৮ রানে অপরাজিত আছেন কেন উইলিয়ামসন।

লাথামের ৭২ রান এসেছে ১২৮ বলে, ৫ চারে। উইলিয়ামসনের ৪৮ রানও ৫ চারে সাজানো। তবে তিনি বল খেলেছেন ৮২ টি। এই দুজনের অবিচ্ছিন্ন ৯২ রানের জুটি নিউজিল্যান্ডকে স্বপ্ন দেখাচ্ছে লক্ষ্যমাত্রাকে শ্রীলঙ্কার নাগালের বাইরে নিয়ে যাওয়ার।

শ্রীলঙ্কার প্রথম ইনিংসে দ্বিমুথ করুণারত্নে আর দিনেশ চান্ডিমাল ছাড়া বলার মতো স্কোর কারওরই নেই। কিথুরুয়ান ভিতানাগে ২২, মিলিন্দা সিরিবর্ধনা ৩৫ নিজেদের ইনিংসের শুরুটা করলেও ইনিংস এগিয়ে নিতে পারেননি। শেষের দিকে রঙ্গনা হেরাথের ১৫, দুশান্থা চামিরার ১৪ আর সুরাঙ্গা লাকমলের ১৮ শ্রীলঙ্কার সংগ্রহকে নিয়ে যায় ২৯৪-এ।

নিউজিল্যান্ডের পক্ষে টিম সাউদি আর নেইল ওয়াগনার দুজনেই তুলে নিয়েছেন ৩টি করে উইকেট। ২টি করে উইকেট ট্রেন্ট বোল্ট আর মিচেল স্যান্টনারের। সূত্র: এএফপি।