নিউজিল্যান্ডের আরেকটি জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাপটিলের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৫৭ রান।  ছবি: এএফপি।
গাপটিলের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৫৭ রান। ছবি: এএফপি।

নিজেদের গ্রুপে টানা চার ম্যাচ জিতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ইতিমধ্যেই নিশ্চিত করে ফেলেছে নিউজিল্যান্ড। আজ নেপিয়ারে পঞ্চম ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে শতভাগ জয়ের রেকর্ড অক্ষুণ্ন রাখল দলটি।
আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য ১৮৭ রান করতে হলো কিউইদের। ঝড়ের গতিতে না হলেও লক্ষ্যে পৌঁছাতে একেবারেই বেগ পেতে হয়নি তাদের। মার্টিন গাপটিলের ৫৭, ব্রেন্ডন ম্যাককালামের ৪২ আর কেন উইলিয়ামসনের ৩৩ রানের তিনটি ইনিংসের ওপর ভর করে জয়ের বন্দরে পা রেখেছে নিউজিল্যান্ড। কিউদের হয়ে তুলির শেষ আঁচড়টা দিয়েছেন রস টেলর ও গ্রান্ট এলিয়ট। টেলর অপরাজিত ছিলেন ২৪ রানে। এলিয়টের ব্যাট থেকে এসেছে ১৯ রান।
আফগানিস্তানের বেঁধে দেওয়া লক্ষ্যের খোঁজে প্রতি ম্যাচের মতো আজও মারমুখীই ছিল নিউজিল্যান্ড। এবারের বিশ্বকাপে দারুণ একটা রেকর্ডও সঙ্গী হচ্ছে তাদের। বিশ্বকাপে নিজেদের প্রতিটি ম্যাচের প্রথম পাঁচ ওভারে দলটি সর্বমোট রান তুলেছে ২৩৩। মাত্র ১৫০ বলে আসা এই রান তারা তুলেছে ওভারপ্রতি ৯.৩২ হারে—বিশ্বকাপে এতটা মারমুখী আর কোনো দলই হতে পারেনি।
আজও আফগানদের বিপক্ষে প্রথম পাঁচ ওভারেই ৩৫ রান তুলে খেলার গতি-প্রকৃতি নিজেদের করে নেয় তারা। এর মূল কারিগর ছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। খেলেছেন ১৮ বলে ৪২ রানের এক ঝোড়ো ইনিংস। ম্যাককালামও দারুণ একটা রেকর্ডের মালিক হয়েছেন এবারের বিশ্বকাপে। নিউজিল্যান্ডের প্রতিটি ম্যাচেই ইনিংসের প্রথম ১০ ওভারে তাঁর ব্যাট থেকে এসেছে মোট ২২৯ রান। এ জন্য তিনি খেলেছেন ২১২ স্ট্রাইকরেটে মাত্র ১০৮ বল।
ম্যাককালাম আউট হন মোহাম্মদ নবীর বলে নিচু হয়ে আসা একটি বলে পুল খেলতে গিয়ে। গাপটিল অবশ্য দেখে-শুনে খেলেই ৫৭ রানের ইনিংসটি খেলেন। যদিও তাঁর সাবধানী ইনিংসটির পরিসমাপ্তি ঘটে রানআউটের দুর্ভাগ্যে।
কেন উইলিয়ামসন ৩৩ রান করে শাপুর জাদরানের বলে সামিউল্লাহ শেনওয়ারির ক্যাচে পরিণত হন। জয়ের খুব কাছে এসে রানআউটের খাঁড়ায় পড়েন গ্রান্ট এলিয়ট।
এর আগে সকালে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই নিউজিল্যান্ডের বোলিং তোপের সামনে অসহায় বোধ করতে থাকে আফগানিস্তান। মাত্র ৫৯ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে পথ দেখান নজিবুল্লাহ জাদরান ও সামিউল্লাহ শেনওয়ারি। এই দুজন নিজেদের মধ্যে গড়ে তোলেন ৮৬ রানের এক জুটি। আফগানিস্তানের পক্ষে রেকর্ড এই জুটি গড়ার পথে সামিউল্লাহ শেনওয়ারি একদিনের ক্রিকেটে নিজের দশম ফিফটিটি তুলে নেন। নজিবুল্লাহও খেলেন ৫৪ রানের ইনিংস। এই দুটি ইনিংসই মূলত আফগানিস্তানের সংগ্রহকে মোটামুটি সম্মানজনক জায়গায় নিয়ে যায়। নওরোজ মঙ্গলের ব্যাট থেকে আসে ২৭ রান।
নিউজিল্যান্ডের পক্ষে দারুণ বল করেছেন ড্যানিয়েল ভেট্টরি। মাত্র ১৮ রান দিয়ে এই বাঁহাতি স্পিনার তুলে নিয়েছেন ৪ উইকেট। ট্রেন্ট বোল্ট নিয়েছেন ৩ উইকেট। পাশাপাশি অ্যাডাম মিলনে একটি ও কোরি অ্যান্ডারসন দুটি উইকেট নিয়ে আফগানিস্তানের আত্মবিশ্বাসকে দুমড়ে দেন নির্মমতার সঙ্গেই। সূত্র: স্টার স্পোর্টস।