নিউজিল্যান্ডের আরেকটি 'গাপটিলময়' জয়

সিরিজে প্রথম দুই ম্যাচেই আগে ব্যাট করে হেরেছিল শ্রীলঙ্কা। তৃতীয় ম্যাচে জয়টা এসেছে রান তাড়া করেই। ক্রিকেটীয় কারণ থাকতেই পারে। কিন্তু টস জিতে ফিল্ডিং নেওয়ার পেছনে অ্যাঞ্জেলো ম্যাথুসের কোনো সংস্কার কাজ করেছিল কিনা কে জানে! ব্যাপারটা যেন এমন যে টসে জিতে ফিল্ডিং নিলেই জিতে যাবে শ্রীলঙ্কা!
সংস্কার হোক কিংবা ক্রিকেটীয় ভাবনা—কাজে দিল না কোনোটাই। টসে জিতে ম্যাথুস ফিল্ডিং নিলেন ঠিকই, কিন্তু শ্রীলঙ্কার ম্যাচ জেতা হলো না। প্রথমে মার্টিন গাপটিল, পরে ম্যাট হেনরি—দুই কিউই ক্রিকেটারের দাপটে সিরিজের পঞ্চম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৩৬ রানে হেরে গেছে সফরকারীরা। এই ম্যাচের আগেই সিরিজে আগেই ব্যবধানটা ছিল ২-১, চতুর্থ ওয়ানডে ভেসে গেছে বৃষ্টিতে। আজ জিতলে তাই সমতায় ফিরে আসতে পারত লঙ্কানরা। কিন্তু তা আর হলো কই!
টেস্টে ২-০ ব্যবধানের পর ওয়ানডে সিরিজও ৩-১ এ হেরে গেল ম্যাথুসের দল। পরশু দিন থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টিতে যদি কিছু করতে পারে, না হলে সফর থেকে খালি হাতেই বাড়ি ফিরতে হবে।
অথচ মাউন্ট মঙানিতে সিরিজের শেষ ওয়ানডেতে আজ শ্রীলঙ্কা জিততেও পারত। ২৯৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ ৪০ বলে দরকার ছিল ৫৮ রান, হাতে চার উইকেট। তার চেয়েও বড় ব্যাপার, তখনো ৯০ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক ম্যাথুস। কিন্তু মাত্র ১০ বলের ‘লঙ্কাকাণ্ডে’ লঙ্কানদের ধসিয়ে দিলেন ম্যাট হেনরি। ৪৪ তম ওভারে চামারা কাপুগেদারাকে ফিরিয়ে দেন এই নিউজিল্যান্ড পেসার। সবচেয়ে বড় ধাক্কাটা দেন নিজের পরের ওভারটিতে—সেঞ্চুরি থেকে ৫ রান দূরেই ফিরিয়ে দেন ম্যাথুসকে। শ্রীলঙ্কার সব ভরসাও ওখানেই শেষ। এরপর নিজের দশম ওভারের শেষ বলে দুশ্মন্ত চামিরাকে আউট করে ইনিংসে ৫ উইকেট নিয়েছেন হেনরি, ম্যান অব দ্য ম্যাচও তিনি।
কিউইদের হয়ে শেষটা টেনেছেন হেনরি। তবে তারও আগে ব্যাটিংয়ে ঝড়ের শুরুটা করেছিলেন মার্টিন গাপটিলই। ২০১৫ সালে ওয়ানডেতে সবচেয়ে বেশি রান ছিল কিউই ওপেনারের। নতুন বছরের শুরুতে জানিয়ে দিলেন, এবারও লক্ষ্যটা একই। আজ শেষ ওয়ানডেতে করেছেন ১০২। ক্যারিয়ারে এটি তাঁর দশম সেঞ্চুরি, কিউই ব্যাটসম্যানদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। সেঞ্চুরির তালিকায় তাঁর ওপরে আছেন কেবল নাথান অ্যাস্টল (১৬) ও রস টেলর (১৫)। সিরিজে আরেকটি রেকর্ডও হয়েছে গাপটিলের—স্ট্রাইক রেটের। এই সিরিজে ৩৩১ রান করেছেন গাপটিল, তাতে তার স্ট্রাইক রেট ছিল ১৩৯.৬৬। দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে ৩০০ বা তার বেশি রান করেছেন, এমন ব্যাটসম্যানদের মধ্যে এর চেয়ে বেশি স্ট্রাইক রেট নেই আর কারও।
গাপটিলের সেঞ্চুরির সঙ্গে কেন উইলিয়ামসন ও রস টেলরের দুই ‘৬১’ তে ৫০ ওভারে ২৯৪ রান করেছিল নিউজিল্যান্ড। এমন স্কোর গড়ে নিজেদের নিরাপদই ভাবতে পারে নিউজিল্যান্ড—বিশেষ করে সাম্প্রতিক পরিসংখ্যান বিচারে। সর্বশেষ ১৩ বার যখন ওয়ানডেতে ২৭০ এর বেশি রান করেছে নিউজিল্যান্ড, তার ১২ টিতেই জিতেছে তারা।
অবশ্য এই রেকর্ডটি গর্বের পাশাপাশি ম্যাককালামদের জন্য আক্ষেপেরও—একমাত্র যে ম্যাচটিতে হেরেছে, সেটা যে ছিল গত বিশ্বকাপের ফাইনাল। সূত্র: ক্রিকইনফো।