নিউজিল্যান্ডের আশা নেই!

শিরোনাম দেখে বিরক্তি জাগছে? জাগতেই পারে। হাজার হলেও গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেটে। এখানে যেকোনো কিছুই ঘটতে পারে যেকোনো সময়। চতুর্থ দিন শেষে ৪ উইকেট হারিয়ে ৯৩ রান করেছে নিউজিল্যান্ড। জয়ের জন্য শেষ দিনে প্রয়োজন ৩৪১ রান। অসম্ভব কোনো লক্ষ্য তো নয়! কিন্তু ওসব তত্ত্ব মাথায় রেখেই বলে দেওয়া যাচ্ছে, কানপুর টেস্ট জিততে হলে আগামীকাল অবিশ্বাস্য কিছুই করতে হবে নিউজিল্যান্ডকে।
শেষ দিনে জিততে হলে আরও ৩৪১ রান দরকার। ৯৩ রানে ৪ উইকেট হারিয়ে চতুর্থ দিন শেষ করা নিউজিল্যান্ড বুঝিয়ে দিয়েছে, কাজটা তারা পারবে না।
২১৩ রানের লিড নিয়ে দিন শুরু করেছিল ভারত। শুরুটা ভালো হয়নি তাদের। দশম ওভারেই ফিরেছেন মুরালি বিজয় (৭৬)। অধিনায়ক বিরাট কোহলিও খুব বেশি ক্ষণ থাকেননি উইকেটে। প্রথম ইনিংসে ৯-এর পর দ্বিতীয় ইনিংসেও ফিরেছেন মাত্র ১৮ রানে। ১৪ রানের মধ্যে কোহলি ও চেতেশ্বর পূজারাকে ফিরিয়ে আশা জাগিয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু ষষ্ঠ উইকেট জুটিতে ঠিক এক শ রান করে রোহিত শর্মা (৬৮*) ও রবীন্দ্র জাদেজা (৫০*) ভারতকে এনে দেন ৪৩৩ রানের লিড। ৩৭৭ রানেই ইনিংস ঘোষণা করে দেন কোহলি।
৪৩৪ রান তাড়া করতে নেমে ২ রানের মধ্যেই ফিরেছেন দুই ওপেনার মার্টিন গাপটিল ও টম ল্যাথাম। দলের সবচেয়ে বড় দুই ভরসা কেন উইলিয়ামসন (২৫) ও রস টেলরও (১৭) ফিরেছেন বেশ দ্রুত। ৫৬ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলা নিউজিল্যান্ডকে আপাত স্বস্তি দিয়েছেন লুক রনকি ও মিচেল স্যান্টনার। ১টি ছক্কা ও ৪টি চারে রনকি করেছেন ৩৮ রান। ৫০ বলে ৮ রান করে তাঁর সঙ্গী স্যান্টনার।
এ দুজনকে কালও চালিয়ে যেতে হবে এ লড়াই। কিন্তু ভারতীয় স্পিনাররা কি সেই সুযোগ দেবেন? প্রথম ইনিংসে ৫ উইকেট পাওয়া জাদেজা এখনো উইকেট না পেলেও, ৩ উইকেট নিয়ে রবিচন্দ্রন অশ্বিন কিন্তু শেষ দিনের স্পিন উৎসবের ইঙ্গিত দিয়ে রেখেছেন। নিউজিল্যান্ড জিততে পারবে না এটা নিশ্চিত। হার এড়াতে পারবে তো?